ফিলিস্তিনের নতুন সরকারের সঙ্গে আলোচনায় না বসার ঘোষণা ওলমার্টের
ফিলিস্তিনের নতুন সরকারের সঙ্গে শান্তি আলোচনায় না বসার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। রোববার ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে এ ঘোষণা দেন তিনি। একই সঙ্গে ওই সরকারকে প্রত্যাখ্যানের জন্যও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।
ফিলিস্তিনের নতুন সরকার গঠনের পর এটাই ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। তবে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সীমিত আকারে আলোচনা চালাবেন বলে জানান ওলমার্ট।
এহুদ ওলমার্ট বলেন, “নতুন সরকারের অংশ হিসেবে যারা আছে তারা ইসরায়েল কিংবা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য নয়। তারা ইসরায়েলের বিরুদ্ধে সব অপতৎপরতাকে সমর্থন করে। তাই ইসরায়েল কোনোভাবেই এ সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না।”
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা আশা করব, আন্তর্জাতিক সম্প্রদায় ওই সরকার বিষয়ে প্রতারণার ফাঁদে পা দেবেন না।”
ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, “ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আলোচনা শুধু ইসরায়েলি ভূখণ্ডে বসবাসরত ফিলিস্তিনিদের জীবনযাত্রার উন্নয়নেই সীমাবদ্ধ থাকবে।”
তিনি জানান, নতুন সরকার গঠনের পর ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সীমিত এবং আলোচিত হতে পারে এমন বিষয়বস্তুও সীমিত করা করা হবে।
