২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বরখাস্তকৃত প্রধান বিচারপতির সঙ্গে দুর্ব্যবহার সংক্রান্ত অভিযোগের শুনানি শুরু

পাকিস্তানের বরখাস্তকৃত প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরীর সঙ্গে পুলিশের দুর্ব্যবহার নিয়ে সোমবার রাজধানী ইসলামাবাদের সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 04:37 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

শুক্রবার তাকে আদালতে হাজির করার সময় পুলিশ প্রধান বিচারপতির সঙ্গে দুর্ব্যবহার করে- এমন খবরের ভিত্তিতে এই শুনানি গ্রহণ করা হচ্ছে। ইফতেখার চৌধুরীর একটি সরকারি গাড়িতে উঠতে অস্বীকৃতি জানালে পুলিশ তাকে ঠেলে গাড়ির ভেতর ডুকিয়ে দেয় বলে পত্রিকার খবরে বলা হয়।

শুনানি উপলক্ষে সুপ্রিম কোর্টের বাইরে কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।

এর আগে শুক্রবারের শুনানিতে বিশেষ আদালত বিচারপতির চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তার টেলিফোন লাইনও তখন সচল করা হয়।

গত ৯ মার্চ প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ প্রধান বিচারপতির পদ থেকে ইফতেখার চৌধুরীকে বরখাস্ত করলে বিরোধী দল, আইনজীবী ও সাধারণ জনতার প্রতিবাদ ও বিক্ষোভ আন্দোলনে উত্তাল হয়ে ওঠে দেশটি।

এদিকে, শুক্রবারের শুনানির পর আইনজীবীরা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী ইফতেখার চৌধুরী এখন থেকে যে কারও সঙ্গে দেখা করতে পারবেন। তবে কোনো ধরনের মিছিল - সমাবেশ বা এ জাতীয় কোনো কর্মসূচিতে অংশ নিতে পারবেন না।

বরখাস্তের পর থেকেই ইফতেখার চৌধুরী গৃহবন্দি আছেন, যদিও সরকার তা অস্বীকার করেছে। তার বাসার বাইরে পুলিশ প্রহরা রয়েছে। সেখানে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, সংবাদমাধ্যম ছাড়া অন্য যে কেউ চাইলে ইফতেখার চৌধুরীর সঙ্গে দেখা করতে পারবেন।

প্রধান বিচারপতির বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার’ সংক্রান্ত আনা অভিযোগের শুনানি কত দিন চলবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। তবে আগামী ২১ মার্চ আবারও আদালত বসবে বলে জানানো হয়েছে। ওই দিনও বিক্ষোভ হবে বলে ধারণা করা হচ্ছে।