মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর ওপর আস্থা নেই ইরাকিদের
সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করতে চার বছর আগে যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণের সিদ্ধান্ত নিয়েছিল। বিতর্কিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ যুদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করেন। এই যুদ্ধের বিরুদ্ধে জনমত দিন দিন শক্তিশালী হচ্ছে। সাম্প্রতিক সময়ে নিজ দেশ যুক্তরাষ্ট্রেই ব্যাপক যুদ্ধবিরোধী বিক্ষোভের মুখোমুখি প্রেসিডেন্ট বুশ।
জাতিগত সংঘাত আর জঙ্গিদের আক্রমণে জর্জরিত ইরাকে সম্ভাব্য গৃহযুদ্ধের হুমকি প্রতিরোধে বুশ এ বছরের শুরুতে কৌশল বদলে মূলত বাগদাদের আশেপাশের বিদ্রোহীদের নির্মূল করার জন্যই পর্যায়ক্রমে আরও ২৬ হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত নেন।
এরপরও মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর ওপর আস্থা রাখতে পারছেন না ইরাকিরা। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) পরিচালিত এক জরিপের ফলাফলে জানা যায়, যৌথবাহিনীর ওপর আস্থা রাখেন এমন ইরাকির সংখ্যা মাত্র ১৮ শতাংশ। জরিপে অংশ নেওয়া ইরাকি জনগোষ্ঠীর প্রায় ৮৬ শতাংশই মনে করেন, যেকোনো সময় তাদের পরিবারের কেউ না কেউ নিজ দেশে নিজ বাসভূমে সহিংসতার শিকার হতে পারেন।
ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) সোমবার ওই জরিপের ফলাফল প্রকাশ করে। ইরাক যুদ্ধের চার বছর পূর্তি উপলক্ষে এ জরিপ চালানো হয়। এ জরিপে আরও অংশ নেয় এবিসি নিউজ, এআরডি ও ইউএসএ টুডে।
জরিপের ফলাফলে দেখা যায়, অংশগ্রহণকারী দুই হাজার ইরাকির সিংহভাগই নিজেদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হতে পারছেন না। অথচ ২০০৫ সালেও অনুরূপ একটি জরিপে এর ঠিক উল্টো ফলাফল পাওয়া গিয়েছিল।
সাদ্দাম হোসেনের পতনের পর এই চার বছরে ইরাকের অবকাঠামোগত সংস্কার নিয়ে হতাশ সেদেশের জনগণ। ৬৭ শতাংশ ইরাকি মনে করেন, প্রশাসন এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেয়নি।
তাছাড়া, বেশিরভাগ ইরাকি মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর চেয়ে বরং ইরাক সরকারের প্রতি আস্থা স্থাপনে বেশি আগ্রহী। তবে মার্কিন সমর্থনপুষ্ট নুরি আল - মালিকির প্রসাশনকে সমর্থন করা নিয়ে ইরাকিদের মধ্যে সমপরিমাণ বিভক্তিও কাজ করছে।
এদিকে ইরাকে অতিরিক্ত সেনা পাঠানোর সিদ্ধান্ত ভুল নাকি সঠিক- তা নির্ণয়ের জন্য আরও সময় প্রয়োজন বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রবার্ট গেটস। তিনি অবশ্য এখনও মনে করেন, ওই সিদ্ধান্ত সঠিকই ছিল।
সে সিদ্ধান্ত প্রসঙ্গে রোববার সিবিএস টেলিভিশনের ‘ফেস দি নেশন’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে গেটস এসব কথা বলেন। তিনি বলেন, “এত শিগগিরই কিছু বলা সম্ভব না, তবে আমার মতে এখন পর্যন্ত যা হয়েছে তাতে মনে হচ্ছে এটা ভালো একটা সিদ্ধান্ত ছিল।”
বুশ ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দিষ্ট কোনো সময়সীমা বেধে দিতে নারাজ। ইরাক যুদ্ধবিরোধী মনোভাব জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে ইরাক থেকে শিগগিরই সেনা ফিরিয়ে আনার প্রতিশ্র“তিই ডেমোক্রেটদের কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছিল। আর তাই জরুরি যুদ্ধকালীন বরাদ্দ অনুমোদনের সঙ্গে সঙ্গে ২০০৮ এর সেপ্টেম্বর নাগাদ ইরাক থেকে সেন্য প্রত্যাহার প্রশ্নে বিতর্ক শুরু করতে যাচ্ছে ডেমোক্রেট সংখ্যাগরিষ্ট প্রতিনিধি পরিষদ ।
এদিকে যুক্তরাষ্ট্রের সেনাধিনায়কেরা বলছেন, ইরাকে বাড়তি সেনা পাঠানোর প্রভাব জুন নাগাদ সম্পূর্ণ বোঝা যাবে। ফেব্র“য়ারির মাঝামাঝি ইরাক ও মার্কিন সেনাদের যৌথবাহিনী বাগদাদের আশেপাশে ব্যাপক আকারে জঙ্গি নির্মূল অভিযান শুরু করে। এ অভিযান সফল হয়েছে এমনই অভিমত অভিযানে অংশ নেওয়া সেনা কমান্ডারদের। তাদের মতে, যৌথবাহিনীর অভিযানে জঙ্গিদের আত্মঘাতী হামলার পরিমাণ কমে যাওয়ায় বাগদাদের আশেপাশে নিরীহ জনগণের অপমৃত্যু অনেকাংশে কমেছে।
এরপরও ইরাকে আল কায়েদা ও অন্যান্য জঙ্গি সংগঠনের হামলার পরিমাণ বরং বেড়েছে। ইরাকের পুলিশ ও রক্ষীবাহিনীর সদস্য এবং স্থাপনাসহ অনান্য লক্ষ্যবস্তুতে এখন গাড়ি বোমাসহ নাটকীয় নানারকম আক্রমণের প্রচেষ্টা বাড়িয়েছে তারা।
বাগদাদের ৫০ মাইল উত্তরের সালাহদীন প্রদেশের ঢুলুইয়া থেকে পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার সকালের দিকে সম্ভাব্য আল কায়েদা জঙ্গিরা পুলিশদের শহর ছেড়ে যাওয়ার হুমকি দেওয়ার পরে দুটি পুলিশ স্টেশন উড়িয়ে দেয়।
আল কায়েদার শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত ইরাকের আনবার প্রদেশ থেকে নয় পুলিশ সদস্যের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। রামাদি শহরের কাছে একটি পরিত্যক্ত পোস্ট অফিসের ভেতর থেকে রোববার ওই লাশগুলো খুঁজে পায় ইরাকি পুলিশ বাহিনী।
এদিকে ইরাকের এক মার্কিন সেনা মুখপাত্র বলেছেন, ফালুজা শহরের কাছে গত সপ্তাহের ক্লোরিন গ্যাস হামলার পেছনে আল কায়েদা জঙ্গিরা জড়িত। ওই হামলার পর আশেপাশের গ্রামগুলোতে শত শত মানুষ অসুস্থ হয়ে পড়ে। এরপর সুন্নি আরব অধ্যুষিত প্রদেশটিতে নিরাপত্তা তল্লাশি জোরদার করেছে মার্কিন বাহিনী।
এতকিছুর পরও মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর ওপর ইরাকিদের আস্থা ফিরে আসবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েই যাচ্ছে।
