২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ইরান নিষেধাজ্ঞা' নিয়ে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে লড়াইয়ে নেমেছে দ আফ্রিকা

ইরানের বিরুদ্ধে দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা নিয়ে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে লড়াইয়ে নেমেছে নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি দক্ষিণ আফ্রিকা। এসব নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে অস্ত্র রপ্তানি এবং সেদেশের রাষ্ট্রায়ত্ব ব্যাংক ও সেনাবাহিনী রেভল্যুশনারি গার্ডের ওপর আরোপিত নিষেধাজ্ঞা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2007, 09:21 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

গত রোববার নিরাপত্তা পরিষদে ‘প্রয়োজনীয় সংস্কার’ প্রস্তাব দিয়ে দক্ষিণ আফ্রিকা একটি প্রতিবেদন পাঠায়। ওই প্রতিবেদনটি সোমবার সাংবাদিকদের হাতে আসে। এতে ৯০ দিনের জন্য ইরানের ওপর নতুন করে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ না করে বরং রাজনৈতিকভাবে ওই সঙ্কট মোকাবেলার আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে আগামী সপ্তাহের আগে ওই প্রস্তাবের ওপর ভোট গ্রহণ সম্ভব হবে না।

ভোটের দিন ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখবেন এবং ব্যাখ্যা করবেন কীভাবে দেশটির পরমাণু কর্মসূচি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হচ্ছে।

ওই খসড়া প্রস্তাবের মূল লক্ষ্য হলো, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে বাধ্য করা। কারণ, এ ধরনের তৎপরতা পরমাণু বোমা তৈরিতেও ব্যবহৃত হতে পারে এবং পশ্চিমা দেশগুলো বরাবরই তাই দাবি করে আসছে।

ইরান প্রশ্নে তার দেশ বিশ্ব শক্তিগুলোর ‘ধামাধরা’ হয়ে কাজ করছে না উল্লেখ করে জাতিসংঘে দক্ষিণ আফ্রিকার দূত দুমিসানি কুমালো বলেন, “খসড়া প্রস্তাবটি সৃষ্টিকর্তার লেখা নয়।”

তিনি জানান, তার দেশের মূল লক্ষ্য হলো বিশ্ব শক্তিগুলোর প্রণীত খসড়া অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে বড় আকারে নয়, বরং কেবল ইরানের পরমাণু প্রযুক্তি ও উপকরণের ওপর সীমিত আকারে নিষেধাজ্ঞা আরোপ করা। 

খসড়া প্রস্তাবটি গত ২৩ ডিসেম্বর ইরানের বিরুদ্ধে আরোপিত প্রথম দফা নিষেধাজ্ঞার ধারাবাহিকতায় প্রণীত হয়েছে এবং এতে ইরানের প্রচলিত ও অপ্রচলিত অস্ত্র রপ্তানির ওপর নিষেধাজ্ঞাসহ বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বৈদেশিক সম্পদ আটক করার কথা বলা হয়েছে।

তবে দক্ষিণ আফ্রিকা ইরানের রাষ্ট্রায়ত্ব ব্যাংক সেপাহ, রেভল্যুশনারি গার্ডের কমান্ডার ও তাদের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানসহ অধিকাংশ তালিকাভুক্ত নাম বাদ দিয়েছে। এছাড়া, ইরাক সঙ্কটের ‘দীর্ঘমেয়াদী সমাধানে রাজনৈতিক প্রচেষ্টা চালাতে’ ৯০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটি।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান মোহাম্মদ এলবারাদির সুপারিশক্রমে দক্ষিণ আফ্রিকা ওই প্রতিবেদন তৈরি করে বলে এতে জানানো হয়।      

এতে আগের প্রস্তাবের মতোই বলা হয়েছে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করলেই কেবল জাতিসংঘের নিষেধাজ্ঞা তুলে নিয়ে আলোচনা শুরু হতে পারে।

নতুন এ খসড়া প্রস্তাবটি অনুমোদিত হতে অন্তত নয় ভোটের প্রয়োজন হবে। নিরাপত্তা পরিষদে উত্থাপিত ছয় জাতির ওই খসড়া প্রস্তাব দক্ষিণ আফ্রিকার সমর্থন ছাড়াও অনুমোদন পেতে পারে। কিন্তু বিশ্ব শক্তিগুলো উন্নয়নশীল দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ দক্ষিণ আফ্রিকাকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে ওই প্রস্তাব অনুমোদন করতে চায়।