মাওবাদীদের ধর্মঘটে ভারতের ৫ রাজ্যে জনজীবন বিপর্যস্ত
মাওবাদীদের ডাকা ধর্মঘটে ভারতের কয়েকটি রাজ্যে জনজীবন মঙ্গলবার প্রায় অচল হয়ে পড়ে। নন্দীগ্রাম হত্যাকাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে ২৪ ঘণ্টার এ ধর্মঘটের ডাক দেয় তারা।
পুলিশ জানিয়েছে, শহরাঞ্চলে ধর্মঘটের প্রভাব খুব একটা না পড়লেও গ্রামাঞ্চলে ধর্মঘটের কারণে জনজীবন বিপর্যস্ত হয়। শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাট ছিল বন্ধ। রেললাইন অবরোধ করায় বিহার ও ঝাড়খণ্ডে ট্রেন চলাচল মারাত্মক বিঘিœত হয়। যাত্রা বাতিল করা হয় বেশ কয়েক ডজন ট্রেনের। ধর্মঘটের কারণে ছত্তিশগড় থেকে কোনো বাস অন্য কোনো রাজ্য অভিমুখে ছেড়ে যায়নি। এছাড়া অন্ধ্র প্রদেশের দক্ষিণাঞ্চলেও বাস চলাচল ব্যাহত হয়।
কলকাতার পুলিশ কর্মকর্তা অরুণ গুপ্ত রয়টার্সকে বলেন, “ধর্মঘটের সময় যেকোনো ধরনের সহিংসতা রোধে আমরা সতর্ক রয়েছি।”
নন্দীগ্রাম হত্যাকাণ্ডের প্রতিবাদের পাশাপাশি শিল্প স্থাপনে যেকোনো কৃষি জমি অধিগ্রহণেরও বিরোধিতা করছে মাওবাদীরা।
মাওবাদী গোষ্ঠী গণপ্রতিরোধ ফোরামের নেতা ভানু সরকার বলেন, “আজকের ধর্মঘট বড় ধরনের আন্দোলনের সূচনা মাত্র।”
ধর্মঘট সফলে গত কয়েকদিন ধরে বেশ তৎপর ছিল মাওবাদীরা। ধর্মঘটের সমর্থনে কয়েকদিন ধরে রাজ্যগুলোর গ্রামাঞ্চলে প্রচারপত্র বিলি করা হয়। এছাড়া, ধর্মঘট ভঙ্গকারীদের হুমকি দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
বিহার ও ছত্তিশগড়ে সোমবার রাতে পুলিশের তিন সোর্সকে হত্যা করে মাওবাদীরা। এর জবাবে পুলিশি অভিযানে নিহত হন দুই মাওবাদী গেরিলা।
