২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইরাকে যুদ্ধ শুরু করা নেতাদের বিচারের সময় এসেছে’

ইরাকে যুদ্ধ শুরু করার জন্য দায়ি মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ও তার সহযোগীদের বিচার করার সময় এসেছে- চিলির সাবেক স্বৈরশাসক অগাস্টো পিনোশেকে হাজতে পাঠানো স্পেনীয় বিচারক বালতাসার গার্জন মঙ্গলবার এমনটাই মন্তব্য করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2007, 05:54 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

ইরাক যুদ্ধের চার বছর পূর্তি উপলক্ষে স্পেনের এল পেইস পত্রিকায় লেখা এক উপসম্পাদকীয়তে গার্জন এ মন্তব্য করেন। তিনি ইরাক যুদ্ধকে ‘মানবজাতির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ঘৃণ্য ও অন্যায় ঘটনাবলীর মধ্যে একটি’ বলে আখ্যায়িত করেন।     

তিনি লেখেন, “যারা এ যুদ্ধের জন্য দায়ি কিংবা দায়ি ছিল তাদের সম্ভাব্য অপরাধমূলক তৎপরতা নিয়ে আমাদের আরও গভীরভাবে ভাবা উচিত। আমাদের দেখা উচিত, এ যুদ্ধ শুরুর দায়বদ্ধতা প্রমাণের জন্য তাদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য - প্রমাণ আছে কিনা।”

“ওই যুদ্ধ শুরুর পর সাড়ে ছয় লাখ মানুষের মৃত্যু হয়েছে। আর অপেক্ষা না করে দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু ও তাদের জিজ্ঞাসাবাদের জন্য এ তথ্যই যথেষ্ট।”   

ব্রিটেনে আশ্রয় নেওয়া চিলির সাবেক স্বৈরশাসক পিনোশের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত তদন্ত পরিচালনার জন্য ১৯৯৯ সালে তাকে ফেরত পাঠাতে লন্ডনকে বাধ্য করে বিখ্যাত হন গার্জন। ইরাক যুদ্ধে সমর্থন দেওয়ার জন্য তিনি স্পেনের সাবেক সরকারের কঠোর সমালোচনা করেন।

তিনি লেখেন, “যারা ইরাক যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট বুশের সঙ্গে যোগ দিয়েছিলেন, তারা কমবেশি তার মতোই দায়ি। কারণ, সন্দেহ আর একপাক্ষীক তথ্য থাকা সত্ত্বেও তারা আগ্রাসী শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন এবং আজ পর্যন্ত চলমান হত্যা ও ধ্বংসযজ্ঞের মতো অন্যায় তৎপরতা চালিয়ে যাচ্ছেন।” 

গত মাসে স্পেনের প্রধানমন্ত্রী হোসে মারিও আজনার স্বীকার করেন, তিনি এখন জানেন সাদ্দাম হোসেনের কাছে ব্যাপক বিধ্বংসী অস্ত্রভাণ্ডার ছিল না, কিন্তু ‘আগেই তা বোঝার মতো চালাক তিনি ছিলেন না।’

গার্জন তার নিবন্ধে লেখেন, “তিনি যদি এটা বলেন যে যথেষ্ট পরিমাণ তথ্য তিনি জানতেন না, তবে তাকে প্রশ্ন করা উচিত, কেন তিনি সতর্ক হলেন না এবং কেন তিনি প্রেসিডেন্ট বুশের কাছে আত্মসমর্পন না করে জাতিসংঘের পরিদর্শকদের আরও তৎপর হওয়ার সুযোগ দিলেন না।”

“সন্ত্রাসবাদ মোকাবেলায় সব ধরনের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ২০০৩ সাল থেকে বারবার আন্তর্জাতিক সম্প্রদায়ের মূলমন্ত্র ও আইনের শাসনের ওপর আত্রমণ চালানো হয়েছে।”   

গার্জন গত বছর আন্তর্জাতিক সন্ত্রাসবাদের ওপর প্রচুর পড়াশোনা করেন। তার মতে, ইরাক যুদ্ধ ঘৃণা ছড়িয়ে দিতে এবং সন্ত্রাসীদের প্রশিক্ষণ শিবিরগুলোকে আরও সমর্থন পেতে সাহায্য করেছে। 

তিনি লেখেন, “কিছু কিছু ক্ষেত্রে সচেতনতার প্রচণ্ড অভাবের কারণে আমরা এসব দানবকে বেড়ে উঠতে সাহায্য করেছি যা প্রতিটি মুহূর্তে অসীম শক্তিশালী হয়ে উঠছে।”