নরওয়ের উপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল করেছে ইসরায়েল
নরওয়ের উপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল করেছে ইসরায়েল। দেশটির রাজনৈতিক সূত্রগুলো মঙ্গলবার জানায়, ফিলিস্তিন প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার সঙ্গে তার বেঠকের কারণে ইসরায়েল এ সিদ্ধান্ত নেয়।
মঙ্গলবার সকালে ইসরায়েলি পররাষ্ট্র দপ্তরের এক উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে নরওয়ের উপ পররাষ্ট্রমন্ত্রী রেমন্ড জোহেনসেনের বৈঠকের কথা ছিল। এর আগে সোমবার তিনি ফিলিস্তিন প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করেন।
সূত্র জানায়, “এটা ইসরায়েলের অনমনীয় নীতি।”
সূত্র আরও জানায়, হামাস ক্ষমতায় আসার পর এক বছর আগেই ইসরায়েল সিদ্ধান্ত নেয়, যেসব সরকারি অতিথি ইসলামি ওই জঙ্গিগোষ্ঠীর সঙ্গে বৈঠকে বসবেন, তেলআবিব তাদের প্রত্যাখান করবে।
তবে এ প্রসঙ্গে তেলআবিবে নরওয়ের দূতাবাস কোনো মন্তব্য করেনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে জোহেনসেনের মুখপাত্রকেও পাওয়া যায়নি।
গত শনিবার হাসাস - ফাতাহ ঐক্য সরকার যাত্রা শুরু করে। ফিলিস্তিনিদের আশা, পশ্চিমা বিশ্ব এ সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনের পাশাপাশি আবারও ত্রাণ সাহায্য পাঠাতে শুরু করবে।
হামাসের সদস্য নয় এমন মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রাখার ব্যাপারে পশ্চিমা কয়েকটি দেশ ইতোমধ্যে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। তবে ইসরায়েল বলছে, তাদের স্বীকৃতি না দেওয়া এবং সহিংসতার নিন্দা না জানানোয় তারা নতুন ফিলিস্তিন সরকারকে প্রত্যাখ্যান করছে।
