সীমান্তে নিরাপত্তা জোরদারে পাকিস্তানের প্রতি জাতিসংঘের আহ্বান
আফগান সীমান্তে নিরাপত্তা জোরদার ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থার মহাসচিব বান কি মুন মঙ্গলবার এ আহ্বান জানান।
আফগানিস্তান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার নিরাপত্তা পরিষদে প্রতিবেদন পাঠান জাতিসংঘ মহাসচিব। তাতে বলা হয়, “তালেবান যোদ্ধারা বাইরে থেকে অর্থ সহায়তা পাচ্ছে। আর গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য মতে, সীমান্তের বাইরে ঘাঁটি গেঁড়েই আফগান জঙ্গিরা হামলা চালিয়ে যাচ্ছে। ফলে অভিযানে বিভিন্ন অভিযানে জঙ্গিরা মারা গেলেও সেখানে নিরাপত্তা এখনও ঝুঁকির মধ্যে রয়েছে।”
বান কি ম,ুন বলেন, “আফগানিস্তানে নিরাপত্তা নিশ্চিত করতে হলে পাকিস্তানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।” জঙ্গি দমনে পাকিস্তানের গৃহিত পদক্ষেপের প্রশংসা করে জাতিসংঘ মহাসচিব বলেন, “এ কাজ আরও জোরদার করা দরকার।”
আফগানিস্তানে জাসিতংঘের বিশেষ দূত টম কোহেনিং জানিয়েছেন, এ বছরের শুরু থেকে এ পর্যন্ত সে দেশে মোট ২৭টি আত্মঘাতী হামলা হয়েছে। আর এতে নিহতদের শতকরা ৮০ ভাগই বেসামরিক লোক। জাতিসংঘ মহাসচিবের প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ হামলাগুলোর মধ্যে অন্তত চারটি হামলা চালায় বিদেশি জঙ্গিরা।
এদিকে জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত মুনির আকরাম বলেছেন,“সীমান্তে নিরাপত্তা জোরদারের দায়িত্ব একা পাকিস্তানের ওপর চাপিয়ে দিলে হবে না। এ দায়িত্ব আফগানিস্তানের ওপরও বর্তায়।”
নিরাপত্তা পরিষদে তিনি জানান, আফগান জঙ্গিদের অর্থের মূল উৎস মাদক বিক্রি। আর ওই মাদক উৎপন্ন হয় আফগানিস্তানেই।
তবে মাদক চোরাচালান রোধ সংক্রান্ত জাতিসংঘ সংস্থার মহাপরিচালক আন্তোনিও মারিয়া কস্তা বলেছেন, “আফগানিস্তান থেকে মাদক পাচার বন্ধ নিশ্চিত করা নির্ভর করছে পাকিস্তান ও ইরান তাদের সীমান্তে কতটা সতর্ক, তার ওপর।”
আকরাম মুনির অবশ্য জানিয়েছেন, পাকিস্তান সীমান্তে সতর্ক রয়েছে। একই সঙ্গে পাকিস্তানি ভূখণ্ডে তালেবানদের অবস্থান ও প্রশিক্ষণের অভিযোগও নাকচ করেন তিনি।
এছাড়া পাকিস্তানে অবস্থানরত আফগান শরণার্থীদের দেশে ফিরিয়ে নিতে পদক্ষেপ নেওয়ার জন্য নিরাপত্তা পরিষদকে আহ্বান জানান তিনি।
