২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আত্মঘাতী হামলায় শিশুদের ব্যবহারের অভিযোগ

এ সপ্তাহে একটি আত্মঘাতী বোমা হামলায় ইরাকি বিদ্রোহীরা শিশুদের ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। এ হামলায় শিশুসহ পাঁচ ব্যক্তি নিহত এবং সাতজন আহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2007, 02:54 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

পেন্টাগনের জয়েন্ট স্টাফের আঞ্চলিক অভিযান বিভাগের উপ পরিচালক মেজর জেনারেল মাইকেল বারবেরো মঙ্গলবার এ অভিযোগ তোলেন।

বারবেরো বলেন, রোববার একটি গাড়ি বাগদাদের নিরাপত্তা চৌকি অতিক্রম করে। গাড়িটিতে বেশ কয়েক ব্যক্তি এবং পেছনের সিটে দুই শিশু ছিল। নিরাপত্তা চৌকি পার হয়ে একটু সামনে গিয়ে বাগদাদের আদামিয়া এলাকার একটি বাজারের পাশে গাড়িটি রাখার পরই বিস্ফোরণ ঘটে।

তিনি আরও বলেন, “গাড়ির পেছনের সিটে শিশুরা থাকায় কোনো সন্দেহ করিনি এবং আমরা গাড়িটিকে ছেড়ে দেই। এরপর গাড়িটিকে বাজারের পাশে দাঁড় করিয়ে রেখে এর ভেতরের লোকজন চলে যায় এবং এরপর দুই শিশুসহই তা বিস্ফোরিত হয়।”

বোমা নিয়ে নিরাপত্তা চৌকি পার হওয়ার জন্য নতুন কৌশল হিসেবে শিশুদের ব্যবহার করা হচ্ছে বলে বারবেরো ধারণা করছেন। তবে তিনি এটাও বলেন, এর আগে মার্কিন সেনাবাহিনী এ ধরনের ঘটনা একবারই প্রত্যক্ষ করেছে।

“হামলার উপকরণ হিসেবে রাসায়নিক বোমার ব্যবহার বেড়েছে। জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত এরকম মোট ছয়টি বোমা হামলা হয়েছে। এরমধ্যে গত সপ্তাহেই তিনটি ক্লোরিন বোমা হামলা চালানো হয়। এমনকি আত্মঘাতী ও গাড়ি বোমা হামলার সংখ্যাও কম নয়।”

তবে তিনি বলেন, ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সেনার সংখ্যা বাড়ানোর ফলে দেশটির নিরীহ জনগণকে হত্যার মত কিছু কিছু সহিংসতা কমানো সম্ভব হয়েছে।

প্রসঙ্গত, ইরাকি সরকারের নিরাপত্তার জন্য দেশটির সবচেয়ে সহিংসতাপূর্ণ এলাকা বাগদাদ ও আনবারে আরও সাড়ে ২১ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করে যুক্তরাষ্ট্র। এ পরিকল্পনা অনুযায়ী সেখানে ইতোমধ্যেই বেশ কিছু সেনা পৌঁছে গেছে এবং বাকি সেনারা আগামী জুন মাসে যাবে।