বাগদাদে বান কি মুনের সংবাদ সম্মেলনস্থলের পাশেই রকেট হামলা
ইরাক সফরের প্রথম দিনেই হামলার মুখে পড়লেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। আকস্মিক সফরে বৃহস্পতিবারই বাগদাদ পৌঁছেন তিনি। আর সুরক্ষিত গ্রিন জোনে তার সংবাদ সম্মেলনের সময়ই রকেট বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। তবে হামলার আঁচ পেলেও অক্ষত রয়েছেন জাতিসংঘ মহাসচিব।
বিস্ফোরণের কারণে অনেকটা তড়িঘড়ি করেই সংবাদ সম্মেলন শেষ করেন বান কি মুন। ওই সময় তার পাশে ছিলেন ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকি।
জাতিসংঘ মহাসচিব জানান, তার সঙ্গে ইরাকি প্রধানমন্ত্রীর অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। নিরাপত্তা প্রতিষ্ঠায় ইরাকি সরকারকে সহায়তার প্রতিশ্র“তিও দিয়েছেন তিনি।
এদিকে বিস্ফোরণের প্রকট শব্দ শোনা গেলেও হামলাটি ঠিক কোথায় হয়েছে, সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর এটাই বান কি মুনের প্রথম ইরাক সফর। ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন সর্ব প্রথম তার বাগদাদ সফরের খবর প্রচার করে।
ইরাক পুনর্গঠনে গত সপ্তাহেই পাঁচ বছরের মহাপরিকল্পনা উত্থাপন করেন বান কি মুন। এ বছরের শুরুতে দায়িত্ব নেওয়ার পর তিনি শিগগিরই ইরাক সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।
