২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবাদ মোকাবেলায় ইসলামাবাদে ভারত-পাকিস্তান বৈঠক

সন্ত্রাসবাদ মোকাবেলায় একত্রে কাজ করার প্রথম পদক্ষেপ হিসেবে মঙ্গলবার ইসলামাবাদে বৈঠক করেছে ভারত ও পাকিস্তান। দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা কর্মকর্তারা পারষ্পরিক তথ্য আদান-প্রদানের লক্ষ্যে পাকিস্তানের রাজধানীতে একদিনের এ বৈঠকে মিলিত হন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2007, 05:30 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

বৈঠক প্রসঙ্গে পাকিস্তানি এক কর্মকর্তা বলেন “সন্ত্রাস মোকাবেলায় দুটি দেশের দ্বিমুখী পদ্ধতি এটা। এখন থেকে সন্ত্রাসের ঘটনা মোকাবেলার লক্ষ্যে আগাম তথ্য আদান প্রদান কিংবা সুনির্দিষ্ট ঘটনা তদন্তে তথ্য বিনিময় সহ সব ধরণের সহযোগিতা করবে ভারত--পাকিস্তান ” আলোচনার পর একজন পাকিস্তানি কর্মকর্তা এ কথা বলেন।

ইসলামাবাদের এ বৈঠক মূলত ২০০৬ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া শান্তি প্রক্রিয়ার প্রস্তাবেরই ধারাবাহিকতা। ভারতের পানিপথে পাকিস্তানগামী সমঝোতা এক্সপ্রেস ট্রেনে বোমা বিস্ফোরণের ১৫ দিনের মাথায় শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা বাড়ানোর এ উদ্যোগ নিল ভারত-পাকিস্তান।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই পাকিস্তানি কর্মকর্তা আরও জানান, সমঝোতা এক্সপ্রেসে বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত একজন সন্দেহভাজন ব্যক্তির প্রতিকৃতি ইতোমধ্যে পাকিস্তানের কাছে হস্তান্তর করেছে ভারত। ওই ব্যক্তি পাকিস্তানি নাগরিক বলে দাবি করছে দেশটি।

অন্যদিকে, পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয়ে ভারতের অনধিকার হস্তক্ষেপ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা হয়েছে ভারতের কাছে। তিনি বলেন, বিশেষ করে বেলুচিস্তান প্রদেশের বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে বিদ্রোহ ছড়িয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে।

এ আলোচনা দুটি দেশের মধ্যে নিরাপত্তার বন্ধন দৃঢ় করতে অগ্রণী ভূমিকা রাখবে- এরকমটাই মনে করছেন পাকিস্তানের ওই কর্মকর্তা।