বার্ড ফ্লু ভাইরাসের উৎসস্থল চীন, দাবি মার্কিন গবেষকদের
বার্ড ফ্লু ভাইরাস এইচ৫এন১ এর প্রধান উৎসস্থল চীন- এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। ভাইরাসের জিন বিশে¬ষনে এমন তথ্যে সমর্থন মিলেছে বলে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়।
‘প্রসেডিংস অব দি ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স’ এ প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং হচ্ছে বার্ড ফ্লু ভাইরাসের উৎসস্থল। গবেষণায় অংশ নেয় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া আরভিনের ওয়াল্টার ফিচ এবং তার দল।
ইকোলোজি এন্ড এভোল্যুশনারি বায়োলজির অধ্যাপক ওয়াল্টার ফিচ সোমবার টেলিফোন সাক্ষাৎকারে রয়টার্সকে বলেন, “গুয়াংডং থেকেই বার্ড-ফ্লু ভাইরাস ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে।”
এর পরিণতি ভয়াবহ বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। ওয়াল্টার ফিচের মতে, বার্ড ফ্লু নিয়ন্ত্রণে ভাইরাসটির উৎসস্থল থেকেই কাজ শুরু করতে হবে। “প্রতিষেধক আবিষ্কারের চেয়ে ভাইরাসটির মূল উৎপাটন করাটাই বেশি জরুরি বলে মনে করি আমি” বলেন ফিচ।
প্রতিবেদনটির প্রধান গবেষক রবার্ট ওয়ালেস বলেন, “চীনের এই প্রদেশটিই বার্ড ফ্লু’ ভাইরাসের প্রাথমিক উৎসস্থল বলে গবেষণায় দেখা যাচ্ছে।”এর ফলে বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সতর্কতা অবলম্বনের ওপর জোর দেন তিনি।
গবেষণা প্রতিবেদনে আরও জানানো হয়, গুয়াংডং ছাড়া এইচ৫এন১ ভাইরাসের আরেকটি উৎস হচ্ছে উত্তর-পশ্চিম চীনের কিংহাউ প্রদেশ।
২০০৩ সালে বিশ্বে আবির্ভাব ঘটে বার্ড ফ্লু ভাইরাসের। এ পর্যন্ত ৫০টি দেশে সঙক্রমণের খবর মিলেছে। আশঙ্কার বিষয় হচ্ছে, পাখি থেকে ভাইরাসটি সংক্রমিত হচ্ছে মানব দেহেও।
বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২৭৭ জন মানুষের দেহে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে। যার মধ্যে ১৬৭ জন মারা গেছেন।
