ইন্দোনেশিয়ার সুমাত্রায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ৭০
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে মঙ্গলবার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে প্রাথমিকভাবে অন্তত ৭০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়বে। রিখটার স্কেলে ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৬ দশমিক ৩ ও ৬। এর প্রভাবে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়ও কম্পন অনুভূত হয়। (আরও তথ্যসহ-২) দেখুন যঃঃঢ়://সবফরধ.নফহবংি২৪.পড়স
সকাল ১১টার দিকে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় পশ্চিম সুমাত্রার প্রাদেশিক রাজধানী প্যাডাঙে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর এর মাত্রা ৬ দশমিক ৩ বলে জানায়। তারা বলছে, এর কেন্দ্র ছিল সিঙ্গাপুর থেকে প্রায় ৪২০ কিলোমিটার দূরে। তবে ইন্দোনেশিয়ার ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের মতে, এর মাত্রা ছিল ৫ দশমিক ৮। দুই ঘণ্টা পর আঘাত হানে দ্বিতীয় ভূমিকম্পটি।
ভূমিকম্পে শহরের বেশ কয়েকটি দালান ধসে পড়ে এবং ক্ষতিগ্রস্ত হয় আরও অনেক। জনমনে আবারও সুনামির আতঙ্ক ছড়িয়ে পড়লে সবাই রাস্তায় নেমে আসে। ফলে পুরো শহরে সৃষ্টি হয় ব্যাপক যানজট। তবে আশঙ্কা করা হলেও সুনামি হয়নি।
রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানান, প্যাডাঙে কয়েকটি বাড়ি ধসে পড়ার পর আতঙ্কিত লোকজন নিরাপদে থাকার আসায় রাস্তায় নেমে আসে। এমনকি প্রাণ বাঁচাতে একটি হাসপাতাল থেকে ২০০ - ৩০০ রোগী রাস্তায় নেমে আসেন।
এল সিন্তা রেডিওর খবরের বলা হয়, প্যাডাঙের ৪০ কিলোমিটার উত্তর পূর্বের সোলক শহরে ১১ জন নিহত হয়েছেন বলে জানান শহরের মেয়র শামসু রহিম। আহত হন শতাধিক।
মেয়র রহিম বলেন, “আহতদের উদ্ধারেই আমরা এখন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ক্ষতিগ্রস্ত লোকদের জন্য শহরের ফুটবল মাঠে বেশ কয়েকটি তাঁবু তৈরি করা হয়েছে। জরুরি দপ্তরের কর্মকর্তারাও কাজ করছেন।”
ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি বিভাগের কর্মকর্তা রুস্তম পাকায়া রয়টার্সকে জানান, প্যাডাঙের উত্তরে বাতুসাঙ্গকার এলাকায় দুই শিশু নিহত হয়েছে।
তিনি বলেন, “ঘরচাপা পড়ে দুই শিশুর মৃত্যুর খবর আমরা চেয়েছি। আহতও হয়েছে অনেক। তবে হতাহতের সঠিক সংখ্যা এ মুহূর্তে জানাতে পারছি না।”
অস্মৃতি নামে প্যাডাংয়ের এক নারী বলেন, “ভূমিকম্পে আমরা সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। এ সময় বাড়ি ঘর - গাছপালা প্রবলভাবে দুলতে থাকে।”
একই অবস্থা দেখা যায় কাছের অন্য শহরগুলোতেও।
ইন্দোনেশিয়ার প্রতিবেশী দেশ সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়ও ভূূকম্পন অনুভূত হয়। এ সময় সিঙ্গাপুরে উঁচু ভবনগুলো দুলতে থাকে।
