২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউবার মন্ত্রী বললেন, দায়িত্বে ফিরছেন ফিদেল

কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে এবং তিনি পুনরায় দায়িত্বে ফিরতে পারেন। এ খবর জানিয়েছেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2007, 02:24 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

তবে ঠিক কবে নাগাদ ফিদেল দায়িত্বে ফিরবেন, সে বিষয়ে কিছু জানাননি কিউবার পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ পেরেজ। তিনি এখন পানামা সফরে রয়েছেন। সেখানে শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, “ফিদেলের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আমরা আশাবাদী ঠিক সময়েই তিনি পুনরায় রাষ্ট্রের দায়িত্বভার নেবেন।”

এর মানে কি প্রেসিডেন্টের দায়িত্বে ফিদেল ফিরছেন-  এমন প্রশ্নে ফিলিপ পেরেজের উত্তর ছিল, হ্যাঁ।

তবে ফিদেলের দায়িত্বে ফেরার সুনির্দিষ্ট সময় জানাতে পারেননি তিনি। 

পাকস্থলীতে সমস্যার কারণে শল্যচিকিৎসার জন্য ২০০৬ সালের জুলাইয়ে ভাই রাউলের কাছে সাময়িকভাবে দায়িত্বভার হস্তান্তর করেন ৮০ বছর বয়সী ফিদেল কাস্ত্রো। তার অসুস্থতা নিয়ে বেশ গোপনীয়তা অবলম্বন করে কিউবা।

দীর্ঘদিন পর গত সপ্তাহে অপ্রত্যাশিতভাবেই ভেনেজুয়েলা রেডিওতে প্রচার হয় কাস্ত্রোর কন্ঠ। ঘনিষ্ঠ বন্ধু ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন তিনি রেডিও অনুষ্ঠানে। নিজেই জানান, তিনি অনেকটাই সুস্থ ও সতেজ বোধ করছেন।