উত্তর কোরিয়ার নিষেধাজ্ঞা তুলে নিতে সময় লাগবে: যুক্তরাষ্ট্র
উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার কিংবা সন্ত্রাসবাদের মদদদাতা রাষ্ট্রের তালিকা থেকে দেশটির নাম বাদ দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে সময় লাগবে এবং এজন্য পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির যথাযথ বাস্তবায়ন প্রয়োজন। যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী জন নিগ্রোপন্টে শুক্রবার একথা বলেছেন।
টোকিওতে এক সংবাদ সম্মেলনে নিগ্রোপন্টে বলেন, “নিষেধাজ্ঞা প্রত্যাহার করা কিংবা সন্ত্রাসবাদের মদদদাতা রাষ্ট্রের তালিকা থেকে নাম বাদ দেওয়ার মতো ইস্যুগুলো সময়সাপেক্ষ। তবে চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার বিপরীতে প্রাথমিক পদক্ষেপ হিসেবে এসব বিষয়ে আলোচনা শুরু করতে নীতিগতভাবে একমত হয়েছি আমরা।”
তিনি আরও বলেন, “আমরা মনে করি, পরমাণু চুক্তিটির সঙ্গে সম্পর্কিত এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলোর সুরাহা হওয়া দরকার। ওইসব বিষয়ের সুরাহা হওয়ার পরই নিষেধাজ্ঞা তুলে নেওয়া কিংবা তালিকা থেকে নাম বাদ দেওয়ার আশা করা যেতে পারে।”
১৩ ফেব্র“য়ারি ছয়জাতি বৈঠকে ৫০ হাজার টন জ্বালানি তেল কিংবা সমমূল্যের সাহায্যের বিনিময়ে পরমাণু কর্মসূচি বন্ধে সম্মত হয় উত্তর কোরিয়া। এ নিরস্ত্রীকরণ চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে নিজেদের প্রধান পরমাণু প্রকল্পের কার্যক্রম স্থগিত করা এবং উল্লেখযোগ্য পরমাণু স্থাপনাগুলোকে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আওতায় আনার কথা বলা হয়েছে।
ছয়জাতি উদ্যোগের পক্ষ থেকে বলা হয়েছে, যতো দ্রুত চুক্তি বাস্তবায়নের পদক্ষেপ নেবে উত্তর কোরিয়া ততো দ্রুত দেশটিকে সাহায্য দেওয়া হবে এবং পরবর্তী অগ্রগতির জন্য আলোচনা শুরু করা হবে।
চুক্তি বাস্তবায়নের বিভিন্ন খুটিনাটি ও ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে উত্তর কোরিয়ার বিশেষ দূত কিম কায়ে--গোয়ান এ সপ্তাহে যুক্তরাষ্ট্র যাচ্ছেন।
বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় মদদদাতা দেশের তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং ম্যাকাওয়ে দেশটির ব্যাংক একাউন্টের স্থগিতাদেশ বাতিল করার দাবি জানানো হচ্ছে উত্তর কোরিয়ার পক্ষ থেকে।
