যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন আফগানরা
“যুদ্ধ আমাদের শেষ করে দিয়েছে। আর যুদ্ধ চাই না”- বলছিলেন ৫০ বছর বয়সী আফগান নারী সাফিয়া। সংঘাত সহিংসতায় অনেক আফগানের মতোই সহায় সম্বল হারিয়ে এখন ভিক্ষাবৃত্তি করেই জীবন চলছে তার।
পাকিস্তান সীমান্তবর্তী স্পিন বোলডাক এলাকায় সাফিয়ার সঙ্গে কথা হয় রয়টার্সের। অনেক ক্ষোভ ও বেদনা ঝড়ে পড়ল তার কণ্ঠে। বললেন, “আমরা স্বজন, সন্তান সব হারিয়েছি। বিদেশিরা এল, ভাবলাম এবার বুঝি শান্তি আসবে, ভাগ্য ফিরবে। কিন্তু কই? অবস্থা তো দেখি আরও খারাপ হয়েছে।”
তিনি প্রশ্ন ছোড়েন, “এতসব বড় বড় ট্যাঙ্ক আর বিমানের কী দরকার, যখন আমাদের বাচ্চাদের মুখেই খাবার নেই?”
৩৮ বছর বয়সী দোকানদার জাবুল বলেন, “আফগানরা যুদ্ধ চায় না। সমস্যার সমাধান চায়। ”
এদিকে তালেবান কমান্ডার মোল্লা আয়াতুল্লাহ খান অজ্ঞাত স্থান থেকে বুধবার টেলিফোনে রয়টার্সকে জানান, উত্তর আফগানিস্তানে তাদের প্রায় এক হাজার আত্মঘাতী বোমা হামলাকারী প্রস্তুত রয়েছে। নির্দেশ পাওয়ামাত্রই ঝাঁপিয়ে পড়বে তারা।
মঙ্গলবার বাগরামে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার কথা স্বীকার করেন তিনি। তিনি বলেন, “খুব অল্প সময়ের মধ্যে হামলার পরিকল্পনা করা হয়। নিজের জীবনের পরোয়া না করেই ওই হামলার প্রস্তুতি নেয় যোদ্ধারা। উদ্দেশ্য ছিল, গুরুত্বপূর্ণ এক ব্যক্তিকে হত্যা করা।”
আর ওই হামলার সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি ওই ঘঁাঁটিতেই অবস্থান করছিলেন।
অন্যদিকে, আফগানিস্তানে সেন্য সংখ্যা বাড়ছে ন্যাটো বাহিনীরও। শীতের শেষে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতিও নিচ্ছে তারা।
তাই শীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বসন্তের উষ্ণতার পরশ নতুন আশঙ্কা নিয়ে আসছে যুদ্ধপীড়িত আফগানদের মনে। কেননা, একদিকে সাজ সাজ রব চলছে তালেবানদের। আর অন্যদিকে সমর প্রস্তুতি চলছে ন্যাটো বাহিনীরও। যার পরিণাম আবারও ভয়াবহ সংঘাত, রক্তপাত, জীবন সংশয়।
আর এর মধ্যে পড়ে জীবন দুর্বিষহ হয়ে উঠছে আফগানদের।
