২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে মাধেসি তরুণকে হত্যা করেছে মাওবাদীরা

নেপালে মাওবাদীদের হামলায় এক মাধেসি তরুণ নিহত হয়েছেন। পূর্ণিয়া উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে বলে বুধবার এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2007, 12:36 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

নরেন্দ্র রাজ শর্মা নামে ওই কর্মকর্তা রয়টার্সকে জানান, পরিবহণ ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার ওই গ্রামে মাধেসিরা পিকেটিং করছিল। ওই সময় নিজেদের এক সমাবেশে যোগ দিতে গাড়ি নিয়ে যাচ্ছিলেন মাওবাদীরা। পিকেটাররা গাড়িটি আটকালে মাওবাদীরারা তাদের ওপর হামলা চালায়। এতে এক তরুণ নিহত ও অপর ১৪ জন আহত হন।

হত্যাকাণ্ডের জন্য মাওবাদীদের দায়ী করে মাধেসি জন অধিকার ফোরামের স্থানীয় নেতা সর্বদীপ ওঝা বলেন, “মাওবাদীরা নির্বিচারে গ্রামবাসীর ওপর হামলা চালায়। হত্যা করে এক তরুণকে।”

নিহত ব্যক্তি ফোরামের সদস্য বলে দাবি করেন তিনি।

পূর্ণিয়া উদয়পুর গ্রামটি কাঠমান্ডু থেকে প্রায় ৩২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। গত মাসে দেশটির লাহান জেলায় মাওবাদী ও মাধেসিদের ভয়াবহ সংঘর্ষ বাধে। সংঘর্ষ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লে তাতে নিহত হন কমপক্ষে ২৫ জন।

আঞ্চলিক স্বায়ত্তশাসন ও জনগোষ্ঠী হিসেবে আরও সুযোগ সুবিধার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে মাধেসিরা। এরই কর্মসূচি হিসেবে দক্ষিণাঞ্চলের তেরাই এলাকায় সোমবার থেকে এক সপ্তাহের ধর্মঘটের ডাক দেওয়া হয়।

প্রসঙ্গত নেপালের ২ কোটি ৬০ লাখ লোকের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ মাধেসি জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত।