২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় বিদ্রোহীদের হামলায় ইতালির রাষ্ট্রদূত আহত

শ্রীলঙ্কার তামিল অধ্যুষিত পূর্বাঞ্চলে মঙ্গলবার এক দল কূটনীতিবিদের ওপর হামলা হয়েছে।এতে আহত হয়েছেন ইতালির রাষ্ট্রদূত এবং ছয় নিরাপত্তা রক্ষী। হামলার জন্য দায়ী করা হচ্ছে তামিল টাইগারদের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2007, 12:18 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহা পরিচালক রবিনাথ আর্যসিনহা বলেন, “বাত্তিকালোয়ায় কূটনীতিবিদরা যখন হেলিকপ্টার থেকে নামছিলেন, ঠিক সে মুহূতেই মর্টার হামলা হয়।”

হামলার জন্য তামিল টাইগারদের দায়ী করে তিনি বলেন, “তারা জানত ওই হেলিকপ্টারে কূটনীতিবিদরা ছিলেন। সেটা জেনেই তারা হামলা চালায়।”

তবে এ বিষয়ে তামিল টাইগারদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, আহত রাষ্ট্রদূত পিও মরিয়ানিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মাথায় আঘাত পেয়েছেন। ওই হামলায় এক জন রাষ্ট্রদূতই কেবল আহত হন বলে নিশ্চিত করেছে  সেনাবাহিনী।

যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, তাদের রাষ্ট্রদূত রবার্ট ব্লেক নিরাপদে রয়েছেন।

শ্রীলঙ্কার সামরিক ও বেসামরিক কর্মকর্তারা জানিয়েছেন, ওই অঞ্চলে উদ্বাস্তুদের অবস্থা সরেজমিনে দেখতেই কূটনীতিবিদরা সফরে যান। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূতরাও সফরে ছিলেন। শ্রীলঙ্কার জরুরি ব্যবস্থাপনা ও মানবাধিকার বিষয়কমন্ত্রী মাহিন্দ সামারাসিঙ্গে এ সফরের আয়োজন করেন।