২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান হামলার সম্ভাবনা নিয়ে আলোচনায় রাশিয়ার উদ্বেগ

ইরানে সেনা অভিযানের সম্ভাবনা নিয়ে আলোচনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সোমবার তাকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স একথা জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2007, 06:45 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে ল্যাভরভ এ উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, “ইরানে হামলার সম্ভাবনা ও দেশটিতে সেনা অভিযানের কথা ইদানিং প্রায়ই শোনা যাচ্ছে। এটা খুবই উদ্বেগজনক।”

“যারা এটা নিয়ে আলোচনা করছেন তাদের মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনিও আছেন, যিনি সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরে বক্তব্য রাখার সময় ইরাকে হামলার সম্ভাবনার কথা বাতিল করে দেননি।”

ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে জাতিসংঘের বেঁধে দেওয়া সময়সীমা না মানায় চেনি সম্প্রতি বলেন, “ইরান নিয়ে সব ধরনের সম্ভাবনার দ্বার খোলা আছে।”

বুশ প্রশাসন অবশ্য অনেকদিন ধরেই বলছে, তারা কূটনৈতিক উপায়ে ইরান সঙ্কটের সমাধান করতে চায়। তবে তারা সেনা অভিযানের সম্ভাবনার কথাও বাতিল করে দেয়নি।

ওয়াশিংটনের ধারণা, ইরান পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে। অন্যদিকে তেহরান বলছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং কেবল বিদ্যুৎ উৎপাদনেই তা ব্যবহৃত হবে।