২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইরানে বোমা হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র’

 ইরানের সঙ্গে যুদ্ধ করার ইচ্ছে যুক্তরাষ্ট্রের নেই- বুশ প্রশাসনের এমন ঘোষণা সত্ত্বেও দেশটিতে বোমা হামলার পরিকল্পনার জন্য পেন্টাগনের একটি প্যানেল তৈরি করা হয়েছে যারা প্রেসিডেন্টের সম্মতি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার নির্দেশ কার্যকর করতে সক্ষম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 03:20 AM

Updated : 26 Apr 2022, 02:04 PM

দি নিউইয়র্কার ম্যাগাজিনে ৪ মার্চ তারিখে প্রকাশিতব্য সিম্যুর হার্শের একটি প্রতিবেদনে একথা বলা হয়েছে। তবে ওই প্রতিবেদনের বিষয়বস্তু পুরোপুরি অস্বীকার করেছেন পেন্টাগনের মুখপাত্র ব্রায়ান হুইটম্যান।

অজ্ঞাতপরিচিত সাবেক এক গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত কয়েক মাসের মধ্যে জয়েন্ট চিফস অফ স্টাফের কার্যালয়ের সদস্যদের নিয়ে বিশেষ এই পরিকল্পনাকারী দলটি গঠন করা হয়েছে।

এছাড়া নামপ্রকাশে অনিচ্ছুক বিমান বাহিনীর এক উপদেষ্টা ও পেন্টাগনের এক পরামর্শদাতার বরাত দিয়ে প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, বিশেষ এ প্যানেলটি প্রাথমিকভাবে ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস এবং শাসকগোষ্ঠী পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে। তবে সম্প্রতি তারা ইরাকি জঙ্গিদের সহায়তা কিংবা অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত সন্দেহে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তু খুঁজে বের করার নির্দেশ পেয়েছে।

প্রথম ও দ্বিতীয় সূত্র উভয়ই বলেছেন, ইরাক থেকে মার্কিন সেনাবাহিনী ও বিশেষ অভিযান পরিচালনাকারী বাহিনী ইরাকি জঙ্গিদের সহায়তাকারী ইরানিদের খোঁজে ইরাক সীমান্ত পার হয়ে ইরানে ঢুকে পড়েছে।

নামপ্রকাশে অনিচ্ছুক বর্তমান ও সাবেক বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এতে বলা হয়েছে, ইসরায়েল বুশ প্রশাসনকে এমন তথ্য দিয়েছে যে ইরান কয়েকটি ছোট ছোট বোমা বহনে সক্ষম একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারবে। তবে এ তথ্য কতটা নির্ভুল তা যাচাই করা যায়নি বলে সূত্র জানায়।

প্রতিবেদনে ২০০৬ সালের ডিসেম্বরে নেওয়া হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর একটি সাক্ষাতকার সংযুক্ত করেছেন হার্শ। সাক্ষাতকারে নাসরাল্লাহ জানান, যদিও ইসরায়েলের সঙ্গে আরেকটি যুদ্ধে জড়াবার ইচ্ছে তার নেই, তারপরও এ বছরের যেকোনো সময় ইসরায়েলের আরেকটি হামলার আশঙ্কা করছেন এবং এ ব্যাপারে তিনি প্রস্তুতও হচ্ছেন। গত বছর জুলাই মাসে ইসরায়েল - হিজবুল্লাহ যুদ্ধে জড়িয়ে পড়েছিল।

নাসরাল্লাহ আরও জানান, তিনি ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় রাজি, তবে কেবল তখনই যদি মধ্যপ্রাচ্য নিয়ে মার্কিন নীতি পরিবর্তনে তা সহায়তা করে এবং প্রভাব ফেলতে পারে। যদি তারা তাদের নিজেদের নীতিই চাপিয়ে দেয় তবে আলোচনায় সময় নষ্ট করতে তিনি রাজি নন বলে জানান।     

এদিকে ওই প্রতিবেদন সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পেন্টাগনের মুখপাত্র ব্রায়ান হুইটম্যান বলেন, “যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধের কোনো পরিকল্পনা করছে না। এর বিপরীতে কোনো তথ্য দেওয়া স্রেফ ভুল, মনোযোগ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা ও ক্ষতিকর।”

হুইটম্যান আরও বলেন, “ইরান সরকারের সুনির্দিষ্ট কর্মকাণ্ডের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সজাগ দৃষ্টি রয়েছে। প্রেসিডেন্ট সবসময়ই বলে আসছেন যে এ বিষয়গুলো কূটনৈতিকভাবে সমাধান করতে তিনি তার বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে কাজ করবেন।”