পাকিস্তানে বোমা বহনকারী ৩ জঙ্গি নিহত
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে নিজেদের সঙ্গে বহন করা বোমা বিস্ফোরিত হয়ে তিন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। দক্ষিণ পাঞ্জাবের মূল শহর মুলতানের ৭৫ মাইল দূরের একটি শহরে শনিবার এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মোটরসাইকেল আরোহী ওই তিন সন্দেহভাজন জঙ্গি একটি সাইকেলের পেছেনে ধাক্কা দিলে তাদের সঙ্গে রাখা বোমা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরেকজন পরে হাসপাতালে মারা যায়।
নিহত দুজনের মধ্যে একজনের শরীর থেকে মাথা এবং আরেকজনের শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানান চিচাওয়াতনি পুলিশের উপপরিদর্শক বশির আহমেদ। তৃতীয় জনের নাড়িভুড়ি বের হয়ে গেলে তাকে হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।
এসব বোমা ঘরে তৈরি বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে এরা কী ধরনের হামলার পরিকল্পনা করছিল পুলিশ তা এখনও বের করতে পারেনি। বশির বলেন, “এরা কোনো আত্মঘাতী হামলা চালানোর কিংবা বহন করা বিস্ফোরক কোথাও স্থাপনের পরিকল্পনা করছিল কিনা তা আমরা জানি না।”
এদের অন্তত দুজন কাছের একটি মাদ্রাসার ছাত্র ছিল এবং এরা নিষিদ্ধ ঘোষিত সুন্নি গ্রুপ সিপাহ - ই - সাহাবার সদস্য বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।
পাকিস্তানে সম্পতি বেশ কয়েকটি আত্মঘাতী হামলার পর দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মধ্য জানুয়ারি থেকে দেশের বিভিন্ন শহরে আত্মঘাতী হামলায় এ পর্যন্ত ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনাকারীর কয়েকজনকে পুলিশ গ্রেপ্তারও করেছে। আল কায়েদার সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক আছে সুন্নিদের এমন একটি গ্রুপ লস্কর - ই - জংভি এসব হামলার জন্য দায়ি বলে সন্দেহ করা হয়।
