কক্ষপথে গোয়েন্দা উপগ্রহের সেট পূর্ণ করল জাপান
সফলভাবে চতুর্থ গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণের মাধ্যমে শনিবার কক্ষপথে নিজস্ব গোয়েন্দা উপগ্রহের সেট পূর্ণ করল জাপান। এখন পৃথিবীর যেকোনো স্থানকে দিনে অন্তত একবার পর্যবেক্ষণ করতে পারবে দেশটি। দক্ষিণাঞ্চলীয় তানেগাশিমা দ্বীপ থেকে একটি ‘এইচ টু এ’ রকেটের সাহায্যে ওই রাডার উপগ্রহটি কক্ষপথে স্থাপন করা হয়।
এর আগে স্থাপন করা দুইটি অপটিক্যাল উপগ্রহ ও একটি রাডার উপগ্রহের সঙ্গে যুক্ত হল দেশটির এ নতুন রাডার উপগ্রহটি। এখন এ চারটি উপগ্রহের মাধ্যমে পৃথিবীর যেকোনো স্থানকে দিনে অন্তত একবার পর্যবেক্ষণ করতে পারবে জাপান। সরকারি কর্মকর্তারা শনিবার একথা জানান।
১৯৯৮ সালে উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এ গোয়েন্দা উপগ্রহ স্থাপনের কর্মসূচি হাতে নেয় জাপান। উত্তর কোরীয় ক্ষেপণাস্ত্র জাপানের আকাশসীমার ওপর দিয়ে প্রশান্ত মহাসাগরে আঘাত হানতে সক্ষম হওয়ায় ভীতি সঞ্চারিত হয় দেশটিতে।
২০০৩ সালে দুটি উপগ্রহ বহনকারী একটি রকেট লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়লে উপগ্রহ দুটো ধ্বংস করে ফেলতে হয়। এর ফলে কিছুটা স্থবির হয়ে পড়ে এ গোয়েন্দা উপগ্রহ কর্মসূচি। আবারও ওই কর্মসূচি শুরু করে গত বছরগুলোতে সফলভাবে মোট তিনটি উপগ্রহ স্থাপনে সক্ষম হয় জাপান।
১৯৬৯ সালের একটি আইনের কারণে মহাকাশবিজ্ঞানে পিছিয়ে থাকার অভিযোগ করে আসছিলেন জাপানি মহাকাশবিজ্ঞানীরা। ওই আইনের কারণে মহাকাশে শান্তিপূর্ণ গবেষণার কাজকেও সীমিত করতে হয়েছে দেশটিকে।
প্রধানমন্ত্রী শিনজো আবের উদারপন্থী সরকার মহাকাশে অনাক্রমণাত্মক সামরিক কর্মসূচির অনুমোদন দেওয়ার জন্য একটি বিল উত্থাপন করতে যাচ্ছে পার্লামেন্টের এ অধিবেশনেই।
জাপানের বর্তমান উপগ্রহগুলো এক মিটার কিংবা তার বেশি পরিধির কোনো বস্তুকেই কেবল সনাক্ত করতে পারে মহাকাশ থেকে। যেখানে, মার্কিন সামরিক উপগ্রহগুলো এর এক - দশমাংশ আয়তনের বস্তুকেও সনাক্ত করতে পারে বলে দাবি করা হয়ে থাকে।
