স্ত্রীকে নিয়ে লেখা বই পড়েননি জাপানি যুবরাজ নারুহিতো
স্ত্রী মাসাকোকে নিয়ে লেখা অস্ট্রেলীয় লেখকের ‘প্রিন্সেস মাসাকো - প্রিজনার অব দ্যা ক্রিসেনথিমাম থর্ন’ বইটি পড়েননি বলে জানিয়েছেন জাপানি যুবরাজ নারুহিতো।
তবে তিনি না পড়লেও বইটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে জাপান জুড়ে।
অস্ট্রেলীয় লেখক বেন হিল তার বই ‘প্রিন্সেস মাসাকো- প্রিজনার অব দ্যা ক্রিসেনথিমাম থর্ন’ এ মাসাকো - নারুহিতোর দাম্পত্য জীবনকে চার্লস - ডায়ানার দাম্পত্য জীবনের সঙ্গে তুলনা করলে সমালোচনা শুরু হয়। বইয়ে তিনি মাসাকো - নারুহিতোর সম্পর্ককে চার্লস - ডায়নার প্রাচ্যদেশীয় সংস্করণ বলতেই বেশি পছন্দ করেছেন।
এমনকি এই রাজ দম্পতির সন্তান রাজকুমারী আইকো ‘ভাইট্রো ফার্টিলাইজেশন’ বা কৃত্রিমভাবে উর্বরতা প্রাপ্তি চিকিৎসার মাধ্যমে জন্ম নিয়েছে- জোরালো কন্ঠে একথাও বলেছেন তিনি।
শুক্রবার ৪৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে যুবরাজ নারুহিতো বলেন, “বইটি আমি এখনও পড়িনি। তবে এর বিষয়বস্তু সম্পর্কে ধারণা পেয়েছি। তাই এর সারসংক্ষেপ বুঝতে অসুবিধা হচ্ছে না আমার।”
“আর তাছাড়া সরকার বিষয়টি দেখছে। আমি তাই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।”
মাসাকো তীব্র অবসাদে ভুগছেন- হিলের এই দাবি একেবারে অগ্রাহ্য না করে রাজপরিবারের মুখপাত্র ইম্পেরিয়াল হাউজহোল্ড এজেন্সিও জানিয়েছে তিনি ‘রাজপরিবারের সঙ্গে নিজেকে এখনও মানিয়ে নিতে না পারায় অবসাদে (অ্যাডজাস্টমেন্ট ডিজঅর্ডার)’ ভুগছেন।
রাজপরিবারের অভ্যন্তরীণ পারিবারিক ও ব্যক্তিগত বিষয় দেখাশোনার দায়িত্বে রয়েছে সংস্থাটি। জাপানের রাজপরিবারকে হেয় করতেই অনেকটা উদ্দেশ্যমূলকভাবে লেখা হয়েছে বইটি- হিলকে অভিযুক্ত করে বলেছে জাপান সরকার।
তবে তিনি কোনো ভুল তথ্য দেননি এবং এর জন্য ক্ষমা চাইবেন না একথা জানিয়ে দিয়েছেন হিল।
ইতোমধ্যে, বইটির জাপানি সংস্করণ বের করার পরিকল্পনা বাদ দিয়েছে প্রকাশনা সংস্থা কোদানশা লিমিটেড।
এর আগে ২০০৪ এর মে মাসে এক সংবাদ সম্মেলনে নারুহিতো বলেছিলেন, রাজকীয় জীবনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছেন না প্রিন্সেস মাসাকো।
মাসাকো - নারুহিতোর বিচ্ছেদ হয়ে যাচ্ছে- এমন গুজবও উঠেছিল গত বছর।
নারুহিতো জানিয়েছেন, অবসাদ এবং মানসিক অবসাদে কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে যুবরাজ্ঞী মাসাকোর আরও কিছুদিন সময় লাগবে। তিন বছরেরও বেশি সময় ধরে তিনি মানসিক অবসাদে ভুগছেন। রাজকীয় জীবনের একঘেয়ে রীতিনীতি, নিয়ম - শৃঙ্খলা, আচার - অনুষ্ঠান ক্লান্ত করে তুলেছে ৪৩ বছর বয়সী এবং এক সময়ের হার্ভার্ডের শিক্ষার্থী ও কূটনীতিবিদ মাসাকোকে।
