যুক্তরাষ্ট্রের কাছে নমনীয় নীতি আশা করে ফিলিস্তিন
হামাস এখনও আশা করে, ফিলিস্তিনে জাতীয় ঐক্যের সরকার গঠন প্রশ্নে তাদের প্রতি উদার ও নমনীয় মনোভাব দেখাবে যুক্তরাষ্ট। মঙ্গলবার হামাস নিয়ন্ত্রিত সরকারের মুখপাত্র গাজী হামাদ একথা জানান।
তিনি আরও বলেন, ফিলিস্তিনে নতুন সরকার গঠনে ইসরায়েলের বাধা সত্ত্বেও যুক্তরাষ্ট্র তার অনড় অবস্থান থেকে সরে আসবে বলে আশা করছেন তিনি।
এর আগে ইসরায়েল এক বিবৃতিতে জানায়, তাদের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত নতুন সরকার গঠন মেনে নেবে না ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
“যুক্তরাষ্ট্র আসলে দ্বিমুখী আচরণ করছে। একবার ফিলিস্তিনকে বয়কটের হুমকি দিচ্ছে, আবার পরমুহূর্তেই বলছে তারা অপেক্ষা করতে এবং আরও কিছুদিন দেখতে চায়,” বলেন হামাদ।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের সাম্প্রতিক ইসরায়েল সফরের ইঙ্গিত দিয়ে হামাদ আরও বলেন, “একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তারা আমাদের স্বার্থের প্রতি কতটা যৌক্তিক ও নমনীয় তা তখনই বোঝা যাবে।”
এদিকে, পার্লামেন্টে এক ভাষণে প্রধানমন্ত্রী হানিয়া আগামী তিন সপ্তাহের মধ্যে নতুন সরকার গঠনের আশা প্রকাশ করেন।
“আমাদের অভ্যন্তরীণ সমস্যা এবং সেগুলোর সমাধান ঠিক করে দেওয়ার অধিকার যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নেই। আমরা আমাদের সঙ্কট উত্তরণে সম্প্রতি একটি সমঝোতায় পৌঁছেছি এবং সে অনুযায়ীই আমরা কাজ করে যাব,” ভাষণে বলেন ইসমাইল হানিয়া।
এ সময় অপহৃত ইসরায়েলি সেনা গিলাদ শালিতের বিষয়টিতেও একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে মনে করছেন তিনি।
এদিকে, গিলাদ শালিতের মুক্তির বিনিময়ে এক হাজার ফিলিস্তিনি বন্দির মুক্তি দাবি করেছে ফিলিস্তিন।
উল্লেখ্য, নিজেদের ভেতর অন্তর্দ্বন্ধ এবং রক্তক্ষয়ী সংঘাত নিরসনে এ মাসের শুরুতে সৌদি আরবের মক্কায় সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে দুই প্রতিপক্ষ দল হামাস ও ফাতাহ। তবে সমঝোতা চুক্তিতে ইসরায়েলকে স্বীকৃতি দানের বিষয়টিতে পরিষ্কার করে কিছু বলা হয়নি।
