জিএমও বীজের ওপর নিষেধাজ্ঞায় হাঙ্গেরিকে ইইউর সমর্থন
‘জিএমও’ বা জিনগতভাবে পরিবর্তিত শস্য বীজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হাঙ্গেরিকে নির্দেশ দেওয়ার একটি প্রস্তাব নাকচ করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিবেশমন্ত্রীরা। ব্রাসেলসে ইইউ পরিবেশ মন্ত্রীদের মঙ্গলবারের বৈঠকে সংখ্যাগরিষ্ট ভোটে ওই প্রস্তাব বাতিল করা হয়।
২০০৫ সালের জানুয়ারিতে মার্কিন জিএমও জায়ান্ট মনসান্টোর ভুট্টা বীজ অনুমোদন বাতিল করে ইইউর অন্যতম বড় শস্য উৎপাদক হাঙ্গেরি। সে সময় ‘এমওএন ৮১০’ জাতের ভুট্টা বীজের আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি।
প্রসঙ্গত, জিএমও শস্য নিষিদ্ধ ঘোষণাকারী পূর্ব ইউরোপের প্রথম দেশ হাঙ্গেরি। কিছুদিন পর ‘এমওএন ৮১০’সহ দুই জাতের ভুট্টা বীজ নিষিদ্ধ করে অস্ট্রিয়া। ১৯৯৭ থেকে ২০০০ সালের মধ্যে মোট পাঁচটি দেশ জিএমও বীজ নিষিদ্ধ করে। তিন জাতের ভুট্টা বীজ ও দুই জাতের মূলা বীজ নিষিদ্ধ করা হয় দেশগুলোতে।
এর পরপরই নতুন জৈবপ্রযুক্তি অনুমোদনের বিষয়ে ছয় বছর মেয়াদী একটি সমঝোতা স্মারক ঘোষণা করে ইইউ।
২০০৫ সালেও জিএমও বীজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য দেশগুলোকে চাপ প্রয়োগের চেষ্টা করেছিল ইইউ। কিন্তু তখনও এবারের মতোই সে প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন সংস্থাটির পরিবেশমন্ত্রীরা।
