মোগাদিসুতে সেনাদের ওপর মর্টার হামলা
মোগাদিসুতে সোমালিয়া ও ইথিওপিয়ার সেনাদের ওপর মর্টার হামলা হয়েছে শুক্রবার। সোমালিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী সালাদ আলী এ খবর জানিয়েছেন।
সালাদ আলী রয়টার্সকে বলেন, “জঙ্গিরা সরকারি বাহিনী ও ইথিওপিয়ার সেনাদের লক্ষ করে মর্টার হামলা চালায়। তবে কারো হতাহতের খবর পাওয়া যায়নি। ”
এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি পশ্চিম মোগাদিসুতে সেনাদের ওপর দুটি রকেট হামলা হতে দেখেছেন। এসময় হাসপাতাল ছিল এমন একটি ভবনে ইথিওপীয় সৈন্যরা অবস্থান করছে। সে ভবনেই রকেট দুটি পড়ে। রকেট হামলার পর সেনারা ব্যাপক গুলিবর্ষণ করে বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রত্যক্ষদর্শী জানান।
স্থানীয় অপর এক ব্যক্তি জানান, তিনি ব্যাপক গোলাগুলির আওয়াজ শুনতে পেয়েছেন। হাসপাতাল ভবন থেকে ছোড়া গুলিতে দুই জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, ইসলামি কোর্ট কাউন্সিল যোদ্ধারা এ হামলা চালিয়েছে। সেনা অভিযানে উৎখাত হলেও ওই জঙ্গিরা এখনো বিভিন্ন স্থানে লুকিয়ে আছে এবং গেরিলা কায়দায় হামলা চালিয়ে যাচ্ছে।
এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবন এলাকা শুক্রবার দখলমুক্ত করে ইথিওপিয়া ও সোমালিয়ার সৈন্য বাহিনী। ওই সময় সৈন্যরা একজনতে গুলি চালিয়ে হত্যা করে। মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, নিহত ব্যক্তি ভবন এলাকায় তার দোকান তুলতে অস্বীকৃতি জানিয়েছিল।
