মুসলিম বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় বসবেন থাই প্রধানমন্ত্রী
থাইল্যান্ডের মুসলিম বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনায় বসার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সর্যুদ চুলানন্ত। শুক্রবার তিনি সাংবাদিকদের কাছে নিজের এই পরিকল্পনার কথা জানান।
দেশটিতে গত তিন বছর ধরে মুসলিম বিদ্রোহীদের সহিংস তৎপরতায় দুই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
মুসলিম বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে প্রতিবেশী মালয়েশিয়াকে অনুরোধ জানানো হবে কিনা সে প্রশ্নের জবাবে চুলানন্ত বলেন, “আমরা বিদ্রোহীদের সঙ্গে সমঝোতায় যাওয়ার কথা বলছি না। বরং তাদের সঙ্গে আরও বেশি বোঝাপড়ার সম্পর্ক গড়ে তুলতে চাইছি। মালয়েশিয়া এ পরিকল্পনায় সমর্থন দিয়েছে।
উল্লেখ্য, মুসলিম বিদ্রোহীদের সহিংসতা অবসানে মালয়েশিয়ার সঙ্গে সীমান্ত সংক্রান্ত আলোচনা করতে সেদেশের প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাবির সঙ্গে বৈঠকে রাজি হয়েছেন চুলানন্ত। এ সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে কখন, কোথায় বৈঠক অনুষ্ঠিত হবে তা জানাতে অস্বীকার করেন চুলানন্ত।
গত মঙ্গলবার তিনি স্বীকার করেন, বিদ্রোহীদের সঙ্গে তার শান্তি আলোচনার বিষয়টি স্থবির হয়ে আছে।
এরপর মালয়েশিয়ার বার্নামা বার্তাসংস্থা প্রধানমন্ত্রী বাদাবিকে উদ্ধৃত করে জানায়, থাইল্যান্ড তাদের মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের অনুরোধ জানিয়েছে। তবে থাই পররাষ্ট্রমন্ত্রী নিত্য পুবালসংগ্রাম এক বিবৃতিতে এ খবর অস্বীকার করে বলেন, বাদাবিকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। তিনি বলেন, “এ ধরনের মধ্যস্থতার কোনো পরিকল্পনা সরকারের নেই। কাজেই মালয়েশিয়াকে অনুরোধ জানানোরও প্রশ্ন ওঠে না।”
