২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেরুজালেমে বিতর্কিত খনন কাজ নিয়ে আলোচনা করবেন মেয়র

জেরুজালেমে আল - আকসা মসজিদের কাছে খনন কাজ অব্যাহত রাখবে ইসরায়েল। তবে সেখানে একটি পায়ে চলা সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে জনগণের মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন নগরীর মেয়র। ইসরায়েলি কর্মকর্তারা সোমবার এ কথা জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2007, 05:18 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

মিউনিসিপালিটি মুখপাত্র জানান, সেতু নির্মাণ নিয়ে আলোচনা ও মতামত গ্রহণে পূর্ব জেরুজালেমের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন জেরুজালেমের মেয়র ইউরি লুপোলিয়ানস্কি।

মুসলিমদের তৃতীয় পবিত্র তীর্থ আল আকসার কাছে খননকাজ শুরু করায় তীব্র সমালোচনার মুখে পড়ে ইসরায়েল। শুক্রবার সেখানে নামাজ পড়তে আসা মুসলিম প্রতিবাদী জনতার সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় ইসরায়েলি পুলিশের।

আল আকসা মসজিদ কমপ্লেক্সের লাগোয়া অঞ্চলটি ইহুদিদের কাছে পবিত্র তীর্থ ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত। টেম্পল মাউন্টে আসার জন্য বর্তমান প্রবেশ পথটি জীর্ণ হয়ে যাওয়ায় সেখানে ওই পায়ে চলা সেতু নির্মাণ করতে চাইছে ইসরায়েল। কিন্তু মসজিদের মাত্র ৫০ মিটার দূরে এ নির্মাণ কাজের ফলে আল আকসা মসজিদ ভবনের ভিত্তি নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন মুসলিমরা।

এদিকে, জেরুজালেম পৌরসভার মুখপাত্র গিডিওন স্মিয়ারলিং বলেন, “সেতু নির্মাণের মতো একটি স্পর্শকাতর পরিকল্পনা বাস্তবায়নের আগে পূর্ব জেরুজালেমের প্রতিনিধিদের সঙ্গে আমাদের খোলাখুলি আলোচনায় বসা দরকার।”

তবে আলোচনা ও মতামত গ্রহণের পাশাপাশি ইসরায়েলের প্রাচীন নিদর্শন সংরক্ষণ কর্তৃপক্ষ সেখানকার নির্মাণ কাজ চালিয়ে যাবে বলে জানানো হয়েছে।