আমেরিকাকে শেকড়ে ফেরানোর প্রত্যয় নিয়ে ওবামার প্রচারাভিযান শুরু
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডেমোক্রেট মনোনয়ন প্রার্থী কৃষ্ণাঙ্গ নেতা সিনেটর বারাক ওবামা শনিবার তার আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু করছেন। দাসপ্রথা বিলুপ্ত করে আব্রাহাম লিংকনের ঐতিহাসিক ভাষণের সঙ্গে প্রতীকী যোগসূত্র স্থাপনের ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্রের পুরনো ক্যাপিটল কমপ্লেক্সের সামনে থেকে এ প্রচারণা শুরু করছেন ওবামা। ১৮৫৮ সালে এখানে দাঁড়িয়েই দাসপ্রথা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন লিংকন।
এ প্রচার অভিযানকে ‘আমেরিকাকে তার শেকেড়ে ফিরিয়ে নেওয়া এবং মার্কিন রাজনীতিতে মৌলিক পরিবর্তন আনার লক্ষ্যে যাত্রা’ বলে অভিহিত করেছেন সিনেটর ওবামা। অভিযান শুরুর আগে নিজের ওয়েবসাইটে এক ভিডিও উপস্থাপনায় একথা বলেন তিনি।
প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থী হিসেবে ওবামার আত্মপ্রকাশের মধ্য দিয়ে ব্যাপক প্রচারণা, মাঠ পর্যায়ের কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা এবং একটা নতুন মুখের আগমনে চাঙ্গা হয়ে ওঠে ডেমোক্রেট দলের রাজনীতি। হোয়াইট হাউসের দৌড়ে তার জয়লাভের আশা করতে শুরু করেছেন অনেকেই।
রাজনীতি ও আন্তর্জাতিক অঙ্গনের অনেক বিষয়ে ওবামার তুলনামূলকভাবে কম অভিজ্ঞতা নিয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “ওয়াশিংটনে যে একঘেয়ে অচলায়তন তৈরি হয়েছে তা ভাঙতে সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি দরকার। জ্বালানি, স্বাস্থ্যখাত ও ইরাক যুদ্ধে মতো ইস্যুকে নতুন প্রেক্ষাপটে মোকাবেলা করতে হবে।”
প্রথম থেকেই বুশের ইরাক যুদ্ধের সমালোচনা করে আসছেন ওবামা। নতুন করে সেখানে সেনা পাঠানোরও বিরোধিতা করেন তিনি। ওবামা মনে করেন, সেখান থেকে পর্যায়ক্রমে সেনা ফিরিযে আনা উচিৎ প্রেসিডেন্ট বুশের।
সিবিএস টেলিভিশনের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, “কালো হওয়ার কারণে নির্বাচনী মনোনয়নের দৌড়ে পিছিয়ে পড়তে পারেন বলে তিনি ভাবছেন কিনা।” এ প্রশ্নের জবাবে ওবামা বলেন, “না কালো হওয়ার কারণে নয়, পিছিয়ে পড়লে তা হবে এজন্য যে, আমি হয়তো আমেরিকানদের বোঝাতে ব্যর্থ হয়েছি যে এ দেশ কোথায় যেতে পারে। কোথায় যাওয়া যায় সে স্বপ্নকে তুলে ধরতে আমার ব্যর্থতাই হবে আমার পরাজয়ের কারণ।”
সিনেটর হিলারী রডহ্যাম ক্লিনটন, ২০০৪ সালের ভাইস প্রেসিডেন্ট মনোনীত ডেমোক্রেট দলের প্রার্থী জন এডওয়ার্ডসের মতো প্রার্থীদের পাশে ওবামা অনেকটাই নতুন মুখ। কিন্তু ওবামার উত্থানের ইতিহাস এমনই আশ্চর্যজনক দ্রুততার।
২০০৪ সালে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওবামা। কিন্তু তখনো সিনেটরও নির্বাচিত হননি তিনি। দুইটি বেস্টসেলার বইয়ের লেখক তিনি। তাকে নিয়ে প্রচ্ছদ কাহিনী ছেপেছে অনেক নামকরা ম্যাগাজিন। কেনিয়ান বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ বাবা এবং ক্যানসাসের শ্বেতাঙ্গ মায়ের সন্তান ওবামা ছিলেন দি হার্ভার্ড ল রিভিউয়ের প্রথম কৃষ্ণাঙ্গ সম্পাদক। সিনেটর নির্বাচিত হওয়ার আগে আট বছর ধরে ইলিনয়েসের ¯িপ্রংফিল্ড আসনে আইনসভার সদস্য ছিলেন ওবামা।
