যুক্তরাষ্ট্রের সঙ্গে স্নায়ুযুদ্ধকালীন অস্ত্র প্রতিযোগিতায় নামবে না রাশিয়া
পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে ক্ষেপণাস্ত্র বুহ্য গড়ে তোলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যুক্তির সমালোচনা করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই ইভানভ। তবে øায়ুযুদ্ধের সময়ের মতো কোনো অস্ত্র প্রতিযোগিতায় রাশিয়া শামিল হবে না বলে ঘোষণা করেন তিনি।
ন্যাটোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর শুক্রবার স্পেনে সংবাদ সম্মেলনে রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, “ইরান ও উত্তর কোরিয়ার হামলা থেকে রক্ষা পেতে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ বুহ্য গড়ে তোলার কোনো প্রয়োজন নেই। এটা যেকোনো বিশেষজ্ঞই বলবেন। তাহলে কেন এখানে বুহ্য গড়ে তোলা হচ্ছে? প্রয়োজন তো যেখান থেকে হামলা হবে সেখানে বসানো।”
তিনি প্রশ্ন ছুড়ে বলেন, “যুক্তরাষ্ট্র কেন ইরাক বা আফগানিস্তানে এরকম বুহ্য গড়ে তুলছে না?”
এ নিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের সঙ্গে বৈঠক করেন ইভানভ। পরে তিনি বলেন, “রাজনৈতিক অথবা সামরিক কোনো চাপের মধ্যে আমরা পড়ব কিনা, তা আমরা নিশ্চিত হতে চাই।”
এদিকে রবার্ট গেটস সাংবাদিকদের বলেন, “আমরা কী করব তা স্পষ্টভাবেই তাদের (রাশিয়া) জানিয়ে দিয়েছি।”
এটা মস্কোর জন্য কোনো হুমকি হবে না বলেও উল্লেখ করেন তিনি।
