২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেরুজালেমে প্রার্থণাকারী - ইসরায়েলি পুলিশ সংঘর্ষ, আহত ২৪

জেরুজালেমে আল আকসা মসজিদের পাশে ইসরায়েলের খনন কাজকে ঘিরে মুসলিম প্রার্থণাকারীদের সঙ্গে শুক্রবার ইসরায়েলি পুলিশের সংঘর্ষে কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল ও শহরের অন্যান্য স্থান থেকে ১৭ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি পুলিশ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Feb 2007, 07:33 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

ইসরায়েলি খননকারীদের ঠেকাতে আল আকসা মসজিদে জুম্মার নামাজ আদায়ের পর প্রার্থণাকারীরা তাদের ওপর পাথর ছুড়তে শুরু করে। এসময় তাদের ছত্রভঙ্গ করতে মসজিদ প্রাঙ্গণের বাইরে কাঁদুনে গ্যাস ছোড়ে ইসরায়েলি পুলিশ।

পুলিশের এক মুখপাত্র জানান, প্রার্থণাকারীরা ক্রমাগত তাদের ওপর পাথর ছুড়তে থাকায় তারা পাল্টা ব্যবস্থা নেন। এর আগে ইসরায়েলি রেডিওতে প্রচারিত একটি খবর অস্বীকার করে তিনি বলেন, পুলিশ প্রার্থণাকারীদের ওপর রাবার বুলেট ছোড়েনি।

এদিকে জেরুজালেম ছাড়াও অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে মুসলিদদের বিক্ষোভ। পশ্চিম তীরের গাজায় পাথর ছুড়ে এবং রাস্তায় অবরোধ সৃষ্টি করে গাড়ির চাকায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ মুসলিম তরুণরা। ইসরায়েলি সেনাবাহিনী এরপর নগরকেন্দ্রের বিভিন্ন  রাস্তা বন্ধ করে দেয়। এছাড়া নাজারেথ শহরে ব্যাপক বিক্ষোভের আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে ইসরায়েল।

ইসলামের তৃতীয় পবিত্রতম ওই স্থানের আশেপাশে ইসরায়েল সম্প্রতি খনন কাজ শুরু করার পর এ নিয়ে আরব বিশ্বে নিন্দার ঝড় ওঠে। এতে মসজিদের ভিত্তি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

তবে ইসরায়েল বলছে খনন কাজের ফলে মসজিদের কোনো ক্ষতি হবে না। আল হারাম আল শরীফ কমপ্লেক্সের কাছে যাওয়ার পথ নতুন করে নির্মাণের জন্য তারা খনন কাজ চালাচ্ছে বলে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়। এই কমপ্লেক্সটি ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত।