কিউবার প্রথম নারী বিশপ নের্ভা কট
কিউবার প্রথম নারী বিশপ হলেন নের্ভা কট। বিদ্যালয়ের সাবেক এই শিক্ষক রোববার সহকারী বিশপ হিসেবে এপিসকোপাল গির্জার নিয়োগপত্র গ্রহণ করেন। জুনের ১০ তারিখ থেকে তিনি হাভানার এই ক্যাথেড্রালটির দায়িত্ব গ্রহণ করবেন।
এখন থেকে গির্জায় নেতৃত্বের ক্ষেত্রে তিনি নারীবাদী ধারার সূচনা করবেন, জানিয়েছেন কিউবার এপিসকোপাল গির্জার প্রথম নারী বিশপ রেভারেন্ড কট।
“আমাদের কাজ হবে নারী ধর্মযাজকদের জন্য নতুন ধরনের কাজ, দায়িত্ব ও লক্ষ্য সৃষ্টি করা,” বুধবার এ কথা বলেন ৬৯ বছর বয়সী এই নারী।
কোমলতা ও নম্রতা এবং নিজেকে একজন মনোযোগী শ্রোতা হিসেবে গড়ে তোলার পাশাপাশি মধ্যস্থতা করার দক্ষতা তার গির্জার সদস্যদের একটি সত্যিকারের পরিবারে পরিণত করবে বলে মনে করেন কট।
একসময় সাংবিধানিকভাবে নাস্তিক দেশ হিসেবে পরিচিত কিউবায় বিশপ হিসেবে তার নিয়োগকে একটি ‘অনন্য স্বীকৃতি’ হিসেবে দেখছেন তিনি। তার বিশ্বাস বিভিন্ন দুঃসময়ে গির্জার নারীদের বিভিন্ন রকমের অবদানই তাকে এ পুরস্কার এনে দিয়েছে।
এপিসকোপালের প্রথম তিনজন নারী ধর্মযাজকের একজন কট জানান, ১৯৯০ সালে নাস্তিকতার ধারণা ত্যাগ করে ধর্মীয় আচার--আচরণ অনুশীলনের প্রবর্তন করে সমাজতান্ত্রিক দেশ কিউবা। বর্তমানে এপিসকোপাল গির্জার সদস্য সংখ্যা দশ হাজার।
