২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমঝোতা ছাড়া মক্কা না ছাড়ার অঙ্গীকার ফিলিস্তিনি নেতাদের

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া এবং দামেস্ক ভিত্তিক হামাস নেতা খালেদ মেশালের গোলটেবিল আলোচনা বুধবার মক্কায় শুরু হয়েছে। একটি সমঝোতায় না পৌঁছানো পর্যন্ত সৌদি আরব ছেড়ে না যাওয়ার পণ করে পবিত্র নগরী মক্কায় এ সংলাপে বসেন হামাস ও ফাতাহ নেতারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Feb 2007, 08:10 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

আলোচনা শুরুর আগে খালেদ মেশাল বলেন, “সমঝোতায় না পৌঁছানো পর্যন্ত এ স্থান ত্যাগ করছি না আমরা। এমন ইচ্ছা নিয়েই এখানে এসেছি আমরা।”

তিনি বলেন, “আমরা যদি একত্রিত থাকি, তাহলে আমাদের ইচ্ছাকে সম্মান না দেখিয়ে, আমাদের ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করে পারবে না আন্তর্জাতিক সম্প্রদায়।”

মাহমুদ আব্বাস বলেন, এ সংলাপ পশ্চিমি অবরোধের অবসান ঘটাতে একটি জাতীয় ঐকমত্যের সরকার গঠনের ভিত্তি তৈরি করবে বলে তিনি বিশ্বাস করেন। গাজায় প্রতিপক্ষের সহিংসতাকে ‘মহাবিপর্যয়’ উল্লেখ করে তিনি বলেন, ফিলিস্তিনিরা আর ওইরকম ‘কালো দিন’ দেখতে চায় না।

এ আলোচনা থেকে হামাস একটি দীর্ঘমেয়াদি চুক্তি আশা করছে বলে জানান ইসমাইল হানিয়া। তিনি বলেন, “আমরা ব্যর্থ অস্ত্রবিরতির মতো সঙ্কট নিরসনের আপাত সমাধান চাই না।”

সৌদি বাদশাহ আবদুল্লাহর উদ্যোগেএ মধ্যস্থতা বৈঠকে সম্মত হয় হামাস ও ফাতাহ নেতারা। যৌক্তিক ভাষায় কথা বলে ফিলিস্তিনে গৃহযুদ্ধ এড়াতে এবং ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রামে এতোদিনের অর্জনকে নষ্ট করে না ফেলতে মঙ্গলবার নেতাদের প্রতি আহ্বান জানান আবদুল্লাহ।

নিজেদের মধ্যে বৈঠকে বসার আগে হামাস ও ফাতাহ নেতারা বাদশাহর সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন।

ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে হামাসের অনড় অবস্থানের কারণে হামাসের সঙ্গে জাতীয় সরকার গঠনে সমঝোতায় সম্মত না হতে ফাতাহ নেতা আব্বাসের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ রয়েছে।

অন্যদিকে পশ্চিমি অবরোধ প্রত্যাহারের শর্ত পূরণে একটি জাতীয় ঐকমত্যের সরকার গঠন এবং ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রবল চাপের মুখে আছে হামাস।

মক্কায় অবস্থানরত ফাতাহ কর্মকর্তারা জানান, ২০০২ সালের আরব শান্তি উদ্যোগ অনুসারে একটি জাতীয় ঐকমত্যের সরকার গঠনে আশাবাদী তারা। মার্কিন মিত্র সৌদি আরবের সমর্থিত ওই উদ্যোগে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের অবস্থানের বিনিময়ে ইসরায়েলের কাছ থেকে অব্যাহত শান্তির প্রতিশ্র“তির কথা বলা হয়েছে।

প্যালেস্টিনিয়ান লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) কর্মসূচি গ্রহণে হামাসের সম্মতির বিষয়টিও বিবেচনা করবে ফাতাহ। ওই প্রস্তাব অনুসারেও ইসরায়েলকে স্বীকৃতির মাধ্যমে আন্তর্জাতিক অবরোধ প্রত্যাহারের সুযোগ রয়েছে।