দুর্নীতির দায়ে হুন্দাই চেয়ারম্যানের তিন বছর কারাদণ্ড
অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্বখ্যাত কোরিয়ান মোটর কোম্পানি ‘হুন্দাই’-এর চেয়ারম্যান চুং মং কু-- এর তিন বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। সোমবার সউলের একটি আদালত এ রায় দেয়।
আকস্মিক এ রায়ে বেশ সঙ্কটে পড়ে গেছে দক্ষিণ কোরিয়ার সর্ববৃহৎ এবং বিশ্বের ষষ্ঠ বৃহত্তম গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানটি। রায় ঘোষণার পরপরই হুন্দাইয়ের শেয়ারের দাম তিন শতাংশ পড়ে যায়।
রাজনৈতিক ফায়দা হাসিল ও অনৈতিক সুবিধা লাভে উৎকোচ দিতে চক্রান্ত করেছিলেন-- এ অভিযোগে ৬৮ বছর বয়সী চুং মং কু-কে গত বছরের এপ্রিলে গ্রেফতার করে পুলিশ। তিনি এবং হুন্দাইয়ের সহযোগী প্রতিষ্ঠান ‘কিয়া মোটরস কর্পোরেশন’ এ জন্য একটি তহবিল গঠন করেন। চুং মং কু-এর ছেলে চুং ইউয়ি সান কিয়া মোটরসের প্রেসিডেন্ট ।
রায়ের সময় আদালতে চুংকে বেশ বিধ্বস্ত দেখাচ্ছিল। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে হুদাই মটরস।
এদিকে জাতীয় অথনীতির কথা ভেবে চুংয়ের জামিন বাতিল না করার সিদ্ধান্ত নিয়েছে আদালত। আপিলের জন্য চুংকে সময় দেওয়ার উদ্দেশ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দক্ষিণ কোরিয়ার জাতীয় রফতানির সাত ভাগই আসে হুন্দাই মটরস থেকে। হুন্দাই চেয়ারম্যানের কারাদণ্ড দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব্ ফেলবে বলেই ধারণা বিশ্লেষকদের।
