স্বায়ত্তশাসন দাবি করলেন নেপালের মাধেসি নেতা উপেন্দ্র
স্বায়ত্তশাসন দাবি করলেন নেপালের মাধেসি নেতা উপেন্দ্র। শুক্রবার রাতে প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার সঙ্গে বৈঠকেই দাবির কথা জানান এ আদিবাসী নেতা। এদিকে, অব্যাহত বিক্ষোভের মুখে তেরাই অঞ্চলের মাধেসি অধ্যুষিত তিন শহরে শুক্রবারও কারফিউ জারি ছিল।
রাষ্ট্র ব্যবস্থার প্রতিটি স্তরেই বঞ্চনার শিকার হচ্ছেন, এ অভিযোগ থেকেই আন্দোলনে নামে মাধেসি জনগোষ্ঠী। দুই সপ্তাহের সহিংস বিক্ষোভে দেশের দক্ষিণাঞ্চলে নিহত হন কমপক্ষে ১১ জন।
অবশেষে আলোচনার জন্য আহ্বান জানানো হয় সরকারের তরফ থেকে। সে আলোচনায়ই শুক্রবার বসেন গিরিজা প্রসাদ কৈরালা ও উপেন্দ্র যাদব।
বৈঠক শেষে মাধেসি নেতা সাংবাদিকদের বলেন, “যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় মাধেসিদের জন্য স্বায়ত্তশাসিত একটি রাষ্ট্রের দাবি আমরা প্রধানমন্ত্রীকে জানিয়েছি। পাশাপাশি সংসদে আদিবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিতে সংখ্যানুপাতিক আসন বণ্টনের প্রস্তাবও করেছি আমরা।”
দাবির বিষয়ে প্রধানমন্ত্রী নেতিবাচক মনোভাব প্রদর্শন করেননি বলে জানান উপেন্দ্র যাদব।
বৈঠকের দুদিন আগেই প্রধানমন্ত্রী কৈরালা নেপালকে যুক্তরাষ্ট্রীয় আদলে গড়ে তোলার ঘোষণা দেন।
মাওবাদীদের সঙ্গে ঐতিহাসিক চুক্তির পর শান্তির পথে অভিযাত্রা শুরু করে নেপাল। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারেও যোগ দিয়েছে মাওবাদীরা।
মাওবাদীদের পর এখন অধিকার আদায়ে সোচ্চার হয়ে উঠেছে আদিবাসী গোষ্ঠীগুলো। তাদের অভিযোগ, মূল ধারার জনগোষ্ঠী তাদের এতদিন ধরে দাবিয়ে রেখেছিল।
মাধেসিদের সঙ্গে সঙ্গে আন্দোলনে নেমেছে উত্তর ও পূর্বাঞ্চলীয় এলাকার পাহাড়িরাও। পার্লামেন্টে আরো প্রতিনিধিত্বের দাবিতে ধর্মঘটে রয়েছে তারাও।
