সাদ্দামের ফাঁসির ছবি দেখানো হচ্ছে গুয়ান্তানামোর বন্দিদের
ইরাকি নেতা সাদ্দাম হোসেনের ফাঁসির দৃশ্যের ছবি পৌঁছেছে গুয়ান্তানামো কারাগারেও। স্বয়ং কারা কর্তৃপক্ষই বন্দিদের ছবিগুলো দেখিয়েছে। আর এর মাধ্যমে বন্দিদের বোঝানো হচ্ছে, তোমাদের পরিণতিও হবে এমন।
গুয়ান্তানামোয় আটক একমাত্র অস্ট্রেলীয় নাগরিক ডেভিড হিকসের আইনজীবী যশোহা ড্রাটেল বৃহস্পতিবার এ তথ্য জানান।
তিনি বলেন, পোস্টার সাইজের ফাঁসির দৃশ্য সম্বলিত ছবিগুলো বন্দিদের দেখানো হচ্ছে। পাশাপাশি পড়ানো হচ্ছে ওই সংক্রান্ত কিছু রিপোর্টও। যাতে লেখা রয়েছে, “সাদ্দাম হোসেন আমাদের সহযোগিতা করেনি, সত্য প্রকাশ করেনি। মিথ্যা বলে পার পেতে চেয়েছিল। তাই তাকে ফাঁসিতে ঝুলতে হয়েছে।”
এর মাধ্যমে বন্দিদের ওপর মানসিক নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করেন যশোহা ড্রাটেল।
তবে বিষয়টির সত্যতা নিয়ে এখনো নিঃসন্দেহ নন অস্ট্রেলীয় কর্মকর্তারা। পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডাওনারের এক মুখপাত্র বলেন, “এ ধরনের কোনো ঘটনার কথা আমাদের কানে আসেনি। এই প্রথম শুনলাম। ডেভিড হিসক নিজেই যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে বিষয়টি আমাদের জানাতে পারতেন। তাহলে আমরা তা নিয়ে যুক্তরাস্ট্রের সঙ্গে আলোচনা করতাম। কিন্তু তিনি তা করেননি।”
২০০১ সালে আফগানিস্তান থেকে আটক করা হয় নও মুসলিম ডেভিড হিকসকে। তার বিরুদ্ধে অভিযোগ আল কায়দার হয়ে যুদ্ধ করার।
