ইসলামাবাদ, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- বেনজিরকে হারিয়ে তার দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) অবস্থা এখন অনেকটাই ছন্নছাড়া। ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি অনুযায়ী, ভুট্টো পরিবার থেকেই দলের ভবিষ্যৎ কাণ্ডারী উঠে আসবে এমন ধারণাই সবচেয়ে জনপ্রিয়। কিন্তু নিতান্তই তরুণ বিলাওয়ালের পক্ষে কী সেই দায়িত্ব নেওয়া এখনই সম্ভব? আপাতত দলের ক্ষমতা দৃশ্যতঃ বেনজিরের স্বামী আসিফ আলী জারদারির হাতে থাকলেও তিনি জানিয়েছেন, তার দায়িত্ব নেওয়াটা নির্ভর করছে বেনজিরের উইল এবং পিপিপি'র সিদ্ধান্তের ওপর। এ অবস্থায় দলের নেতৃত্ব বিলাওয়াল, জারদারি না অন্যকেউ নেবেন তা নিয়ে জল্পনা চলছে পিপিপিতে।
বেনজিরের উত্তরসূরী বাছাই এবং আসন্ন নির্বাচনে অংশ গ্রহণের কঠিন সিদ্ধান্ত নিতে পিপিপি আলোচনায় বসছে রোববারই।
বৃহস্পতিবার আত্মঘাতী হামলায় বেনজিরের নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানে সৃষ্টি হয়েছে চরম নৈরাজ্য। বেনজিরের বিক্ষুব্ধ সমর্থকরা ফেটে পড়েছে প্রেসিডেন্ট মুশাররফবিরোধী বিক্ষোভে। তাদের দমনে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন মুশাররফ। এমন পরিস্থিতিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে পরমাণু অস্ত্রসমৃদ্ধ পাকিস্তানের আগামী ৮ জানুয়ারির নির্ধারিত সাধারণ নির্বাচন নিয়ে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে সহিংসতায় নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৪ জনে। তবে রোববার সকালে করাচির রাস্তা অপেক্ষাকৃত শান্ত ও জনশূন্য ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আল কায়েদার হামলায় বেনজির নিহত হয়েছেন
bdnews24