দুবাই, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিউবার গুয়ান্তানামো বে-তে অবস্থিত যুক্তরাষ্ট্রের বন্দিশিবির থেকে মুক্তি পেয়ে শনিবার দেশে ফিরেছে ১০ সৌদি নাগরিক। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।
গুয়ান্তানামোর বিতর্কিত বন্দিশিবিরটি পুরোপুরি বন্ধ করে দেওয়ার আগে সেখানে আটক সন্দেহভাজন আল কায়েদা জঙ্গিদের সংখ্যা কমিয়ে আনার লক্ষ্যে গত বছর কয়েক ডজন সৌদিকে মুক্তি দেয় ওয়াশিংটন।
সর্বশেষ এ ১০ জনকে মুক্তি দেওয়ার পর বন্দিশিবিরটিতে এখন সৌদি নাগরিকের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।
স্বরাষ্ট্র মন্ত্রী যুবরাজ নায়েফ বিন আবদুল-আজিজ সৌদি আরবের সরকারি বার্তাসংস্থা এসপিএকে বলেন, গুয়ান্তানামো বন্দিশিবিরে থাকা অবশিষ্ট বন্দিদের ফিরিয়ে আনার ব্যাপারে কাজ চলছে এবং যুক্তরাষ্ট্র এ কাজে সহযোগিতা করছে।
বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১৭২০ ঘ.
bdnews24