২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিন্ধুতে দেখামাত্র গুলির নির্দেশ, হায়দ্রাবাদে গুলি

পাকিস্তানের সিন্ধু প্রদেশে বেনজিরের বিক্ষুব্ধ সমর্থকদের দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনীকে। বেনজির ভুট্টোর মৃত্যুকে কেন্দ্র করে তার সমর্থকরা যাতে কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে না পারে সেজন্যই এ পদক্ষেপ। এক কর্মকর্তা একথা জানিয়েছেন। ওদিকে, হায়দ্রাবাদে শুক্রবার এক বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি চালিয়েছে। এতে ৫ জন আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2007, 11:14 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

করাচি, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সিন্ধু প্রদেশে বেনজিরের বিক্ষুব্ধ সমর্থকদের দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনীকে। বেনজির ভুট্টোর মৃত্যুকে কেন্দ্র করে তার সমর্থকরা যাতে কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে না পারে সেজন্যই এ পদক্ষেপ। এক কর্মকর্তা একথা জানিয়েছেন। ওদিকে, হায়দ্রাবাদে শুক্রবার এক বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি চালিয়েছে। এতে ৫ জন আহত হয়। বেনজির হত্যাকাণ্ডকে ঘিরে সমর্থকদের বিক্ষোভ ক্রমেই তীব্র হতে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালাতে হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ কর্মকর্তা আব্দুল কাদির সুম্মো বলেছেন, "বিক্ষোভকারীরা সহিংস হয়ে ওঠায় আমরা গুলি চালিয়েছি। কিন্তু এতেও তাদেরকে ছত্রভঙ্গ করা যায়নি। বিক্ষোভকারীদের ৫ জন আহত হয়েছে।" এর আগে করাচিতে বন্দুকধারীদের গুলিতে এক পুলিশ নিহত ও আরও ৩ জন আহত হওয়ার পর সিন্ধুতে দেখামাত্র গুলির ওই নির্দেশ দেওয়া হয়। সিন্ধুর প্রাদেশিক স্বরাষ্ট্র মন্ত্রী আখতার জামান রয়টার্সকে শুক্রবার বলেছেন, "হ্যাঁ, মানুষের জানমালের ক্ষতি করতে চায় এরকম কাউকে দেখামাত্র গুলি করা হবে।" উল্লেখ্য, বেনজিরের মৃত্যুকে কেন্দ্র করে পাকিস্তান ক্রমেই অশান্ত হয়ে উঠছে। শুক্রবারও বিক্ষোভ-প্রতিবাদে রাস্তায় নেমেছে বেনজিরের ক্ষুব্ধ সমর্থকরা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ একথা জানিয়েছে। করাচি ও সিন্ধুর রাজধানী শুক্রবার সকাল থেকেই জনশূন্য হয়ে পড়েছে। সব দোকানপাট বন্ধ এবং রাস্তায় পুলিশ পাহারা রয়েছে। রাস্তায় কোনো যান চলাচলও চোখে পড়ছে না। লোকজন পায়ে হেঁটে যাতায়াত করছে। রেলওয়ে স্টেশন কিংবা বিমানবন্দর থেকে মালপত্র মাথায় করে নিয়ে গন্তব্যে রওনা হচ্ছে মানুষ। করাচির পুলিশ কর্মকর্তা আজাহার আলী ফারুকী জানিয়েছেন, "গতরাতের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় অনেক দোকান-পাট, সরকারি ভবন, গাড়ী ক্ষতিগ্রস্ত হওয়ায় লোকজনকে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। কিন্তু মানুষের অপ্রতিরোধ্য আবেগ রুখতে পারছি না।" বেনজিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই বৃহস্পতিবার রাতে দেশজুড়ে বিক্ষিপ্ত সহিংসতা সংঘর্ষ শুরু হয়। সবচে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেনজিরের সিন্ধু প্রদেশ। এখনে সহিংসতায় ৪ জন নিহত হয়েছে। সিন্ধুতে শুক্রবারও বিক্ষোভ করেছে বেনজিরের সমর্থকরা। বিক্ষোভে লোকসমাগম কেবলই বাড়ছে। তরুণ বিক্ষোভকারীরা জ্বলন্ত টায়ার দিয়ে লারকানার চারদিকের রাস্তা অবরোধ করে রেখেছে বলে জানিয়েছেন আজাহার আলী ফারুকী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪২৩ঘ.