২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহসা সমাপ্তিবেনজির: বোমা ও গুলি থামিয়ে দিল আন্দোলন

বাবা জুলফিকার আলী ভুট্টোর পদচিহ্ন অনুসরণ করে রাজনীতিতে এসেছিলেন বেনজির। দুজনের মৃত্যুর কারণও এই রাজনীতি। ১৯৭৯ সালে সেনাশাসক জিয়াউল হকের আমলে এক বিতর্কিত বিচারে ফাঁসিতে জুলফিকার আলীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আর বৃহস্পতিবার রাওয়ালপিণ্ডিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত হলেন তার কন্যা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2007, 06:21 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) বাবা জুলফিকার আলী ভুট্টোর পদচিহ্ন অনুসরণ করে রাজনীতিতে এসেছিলেন বেনজির। দুজনের মৃত্যুর কারণও এই রাজনীতি। ১৯৭৯ সালে সেনাশাসক জিয়াউল হকের আমলে এক বিতর্কিত বিচারে ফাঁসিতে জুলফিকার আলীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আর বৃহস্পতিবার রাওয়ালপিণ্ডিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত হলেন তার কন্যা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। সংযুক্ত আরব আমীরাতের দুবাইয়ে আট বছর স্বেচ্ছা নির্বাসনে কাটিয়ে গত ১৮ অক্টোবর বেনজির যেদিন দেশে ফেরেন সেদিনই তার গাড়ি শোভাযাত্রায় চালানো হয় আত্মঘাতী বোমা হামলা। তাতে নিহত হয় কমপক্ষে ১৫০ জন। দেশে ফেরার আগেই আল কায়দা সংশ্লিষ্ট জঙ্গিদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন তিনি। ওই হামলার পর আশরাক আল আওয়াসত পত্রিকাকে বেনজির বলেছিলেন, "তারা আমাকেও হত্যার চেষ্টা করতে পারে। আমি আমার পরিবারের সদস্য ও প্রিয়জনদের যে কোনো পরিস্থিতির জন্যই প্রস্তুত থাকতে বলেছি।" ১৯৫৩ সালের ২১ জুন পাকিস্তানের করাচিতে বিখ্যাত ভুট্টো পরিবারে বেনজিরের জন্ম। শিক্ষাজীবনের শুরু লেডি জেনিংস নার্সারি স্কুলে। জেসাস অ্যান্ড মেরি কনভেন্ট থেকে 'এ' লেভেল ও করাচি গ্রামার স্কুল থেকে 'ও' লেভেল পাসের পর উচ্চশিক্ষা নেন বিশ্বের অন্যতম দুই সেরা শিক্ষায়তন যুক্তরাষ্ট্রের হাভার্ড ও যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে তার পাঠ্যবিষয় ছিল দর্শন, রাজনীতি ও অর্থনীতি। ১৯৮৭ তে করাচিতে আসিফ আলী জারদারির সঙ্গে বিয়ে। এই দম্পতির তিন সন্তানের মধ্যে দুই ছেলে বিলাওয়াল ও বখতিয়ার, তৃতীয়টি মেয়ে আসিফা। রাজনীতিতে হাতে খড়ির বহু আগেই বেনজির তারকা খ্যাতি পান বাবার রাজনৈতিক খ্যাতির কল্যাণে। লেখাপড়া শেষে দেশে ফিরেই গৃহবন্দি হন তিনি। সেনাশাসক জেনারেল জিয়া তখন ক্ষমতা দখল করেছেন। বাবা জুলফিকার আলী ভুট্টো এক রাজনৈতিক প্রতিপক্ষকে খুনের অভিযোগে বিচারের মুখোমুখি। ভুট্টো সমর্থকদের দৃষ্টিতে এই মামলা সাজানো হলেও ১৯৭৯ সালের ৪ এপ্রিল তার ফাঁসি কার্যকর করা হয়। বেনজির আর তার মা নূসরাত ভুট্টোকে মে'র শেষ পর্যন্ত আটকে রাখা হয় একটি পুলিশ ক্যাম্পে। 'চিকিৎসার জন্য' ১৯৮৪ সালে আবার যুক্তরাজ্যে যান বেনজির । ওই বছর প্রবাসে থেকেই বাবার রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতৃত্ব গ্রহণ করেন। ১৯৮৬ সালে 'বাবার হত্যাকারী' জিয়াউল হককে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে পাকিস্তান পিপলস পার্টির কর্ণধার হয়ে রাজনীতিতে আসেন জুলফিকার আলীর জ্যেষ্ঠ সন্তান বেনজির। পাকিস্তানের মানুষ ব্যাপক আগ্রহ নিয়ে তাকে স্বাগত জানায়। এর দুই বছরের মাথায় এক 'রহস্যজনক' বিমান দুর্ঘটনায় নিহত হন জিয়াউল হক। এরপর ১৯৮৮ সালের সাধারণ নির্বাচনে ৩৫ বছরের দীর্ঘাঙ্গী ও প্রিয়দর্শিনী বেনজিরকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে পাকিস্তানের মানুষ। শুধু পাকিস্তানেরই নন, গোটা মুসলিম বিশ্বেরই প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি। পাকিস্তানের চির অস্থির রাজনৈতিক অঙ্গনে বেনজিরের সেই সরকার টিকেছিল মাত্র ২০ মাস। ১৯৯০ সালে প্রেসিডেন্ট গুলাম ইসহাক খান পার্লামেন্ট ভেঙে দিয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বেনজিরকে পদচ্যুত করেন। তারুণ্য আর গ্ল্যামার দিয়ে পরিস্থিতি সামাল দিতে খুব একটা বেগ পেতে হয়নি বেনজিরকে। ১৯৯৩ সালে দ্বিতীয়বারের মতো দেশের সরকার প্রধান নির্বাচিত হন তিনি। কিন্তু ১৯৯৬ সালে একই অভিযোগে আবার তাকে ক্ষমতাচ্যুত করা হয়। এবার কাজটি করেন প্রেসিডেন্ট ফারুক লেঘারি। পদচ্যুত বেনজির দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ আনা হয়েছে। কিন্তু স্বামী আসিফ আলী জারদারির দুর্নীতির দীর্ঘ তালিকার কারণে এবার জনগণের সহানুভূতিও হারান তিনি। আর তাই, দেশে থেকে মামলার মুখোমুখি হওয়ার বদলে দুবাইয়ে স্বেচ্ছা নির্বাসনকেই বেছে নেন ভুট্টো কন্যা। সেটা ১৯৯৯ সালের কথা। পরের আটটি বছর দেশের মাটি থেকে দূরেই থাকতে হয় তাকে। আর ৮ বছর জেল খাটার পর ২০০৪ সালে আসিফ জারদারিও দুবাইয়ে গিয়ে পরিবারের সঙ্গে যোগ দেন। দীর্ঘ দিন বিদেশে কাটানোর পর নির্বাচনে অংশ নেওয়ার জন্য চলতি বছরের অক্টোবরে দেশে ফেরেন ৫৪ বছর বয়সী বেনজির। তবে এবার সেনা শাসকের বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ নিয়ে ফেরেননি তিনি। বরং দেশে বেকায়দায় থাকা পারভেজ মোশাররফ অনেকটা গা-বাঁচানোর কৌশল হিসেবে অধ্যাদেশ জারি করে বেনজিরকে সব মামলা থেকে অব্যাহতি দিয়ে তার দেশে আসার পথ তৈরি করে দেন। বেনজিরও আশা করেছিলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার ব্যাপারে প্রেসিডেন্টের সঙ্গে রফায় আসতে পারবেন । এক্ষেত্রে পশ্চিমা মিত্র দেশগুলোর সহায়তাও তিনি পেয়েছিলেন। কিন্তু মোশাররফ নভেম্বরে পাকিস্তানে জরুরি অবস্থা জারি করেন। এই জরুরি অবস্থা প্রত্যাহার করে নির্বাচনের দাবিতে এবং প্রেসিডেন্ট মোশাররফকে সেনাশাসকের উর্দি ছাড়তে বাধ্য করতে বেনজির ভুট্টো আন্দোলনে নামেন। সেই আন্দোলনে খানিকটা সাফল্যও তিনি পান। নভেম্বরের শেষভাগে সেনা প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জেনারেল পারভেজ মোশাররফ। কিন্তু ২৭ ডিসেম্বর হামলাকারীদের বোমা ও গুলি থামিয়ে দেয় বেনজিরের সব আন্দোলন। কেবল জুলফিকার আলী আর বেনজিরই নয়, ভুট্টো পরিবারের আরো দুই সন্তানেরও মৃত্যু হয়েছে অস্বাভাবিকভাবে। ১৯৯৬ সালে বেনজিরের ভাই মুর্তাজা ভুট্টোর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। আর ১৯৮৫ সালে দ্বিতীয় ভাই শাহনেওয়াজের লাশ পাওয়া যায় তার অ্যাপার্টমেন্টে। এ দুটো মৃত্যু রহস্যের কোনও কিনারা হয়নি। তবে বলা হয়ে থাকে, তারাও রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/এসকে/০২০৫ঘ.