হংকং, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ২০০৬ সালের সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা মঙ্গলবার বলেছেন, তার সমর্থিত দল জোট সরকার গঠনের পর তিনি নির্বাসন থেকে দেশে ফিরবেন। থাকসিন একইসঙ্গে আরও বলেছেন, দেশে ফিরলেও তিনি আর রাজনীতি করবেন না।
প্রসঙ্গত, গত বছরের সেনা অভ্যুত্থানের পর নির্বাচনী জালিয়াতির অভিযোগে থাকসিনের থাই রক থাই পার্টি বিলুপ্ত করা হয়। এছাড়া, থাকসিন এবং তার দলের ১১০ জন সদস্যকেও পাঁচ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
এমন পরিস্থিতিতে রোববারের পার্লামেন্ট নির্বাচনে থাকসিনের সমর্থকরা সমর্থন দেয় পিপল পাওয়ার পার্টি বা পিপিপিকে। তাদের আশা, পিপিপি ক্ষমতায় এলে তাদের নেতার দেশে ফেরার পথ পরিষ্কার হবে। নির্বাচনে পিপিপি ৪৮০টি আসনের মধ্যে ২৩২টিতে বিজয়ী হলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। দলটি এখন জোট সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে।
পিপিপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও নির্বাচনী ফলাফলে এ বিষয়টি স্পষ্ট যে, থাই জনগণ থাকসিনকে ক্ষমতাচ্যুত করতে সেনাবাহিনীর অভ্যুত্থান মেনে নেয়নি।
মঙ্গলবার হংকংয়ে দেওয়া এক সংবাদ সম্মেলনে থাকসিন বলেন, তিনি তার বিরুদ্ধে সেনাবাহিনীর নিয়োগকৃত তদন্ত কর্মকর্তাদের দায়ের করা দুর্নীতির অভিযোগগুলো থেকে নিজেকে মুক্ত করতে চান।
সংবাদ সম্মেলনে ৫৮ বছর বয়সী থাকসিন আবারও ঘোষণা দিয়ে বলেন, 'এপ্রিলের মধ্যেই' দেশে ফেরার পর তিনি আর রাজনীতিতে জড়াবেন না।
তিনি বলেন, তার দল বিলুপ্ত হওয়ায় দলের সমর্থকদেরকে পিপল পাওয়ার পার্টি গ্রহণ করলে তিনি খুশি হবেন।
থাকসিন রাজনৈতিক কোনো অবস্থান নেবেন না বলে জানান। তিনি বলেন, "অনেক হয়েছে। আমি রাজনীতি ছেড়ে দিচ্ছি।"
তবে তিনি বলেন, পিপিপি চাইলে "বিনামূল্যে আমি তাদেরকে আমার পরামর্শ দেব।"
সংবাদ সম্মেলনে থাকসিন থাই জনগণকে অতীতের দিকে না তাকিয়ে উজ্জ্বল ভবিষ্যতের জন্য একত্রে কাজ করারও আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪৩৬ ঘ.
bdnews24