২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত তালেবানদের জন্য কারজাইয়ের ক্ষমা প্রার্থনা

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই ন্যাটো বাহিনীর সঙ্গে লড়াইয়ে নিহত তালেবান জঙ্গিদের জন্য বুধবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তবে পাশাপাশি তিনি দেশের বাইরেও তালেবান জঙ্গি প্রশিক্ষণ শিবিরগুলোতে হামলা চালানোর জন্য আন্তর্জাতিক বাহিনীকে আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2007, 12:59 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

কাবুল, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই ন্যাটো বাহিনীর সঙ্গে লড়াইয়ে নিহত তালেবান জঙ্গিদের জন্য বুধবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তবে পাশাপাশি তিনি দেশের বাইরেও তালেবান জঙ্গি প্রশিক্ষণ শিবিরগুলোতে হামলা চালানোর জন্য আন্তর্জাতিক বাহিনীকে আহ্বান জানান। আফগানিস্তানে তালেবান জঙ্গি হামলা ক্রমেই বাড়ছে। এ সমস্ত হামলায় এ বছরই নিহত হয়েছে ৫ সহস্রাধিক আফগান। বুধবার পবিত্র ঈদ-উল আজহার নামাজের পর কারজাই বলেন, "আজ ওইসব নিহতদের পরিবারের সদস্যদের কথা স্মরণ করার দিন। যারা বোমা হামলা কিংবা আত্মঘাতী হামলায় প্রিয়জনদের হারিয়েছে। সেইসঙ্গে আজ আমি আল্লাহর কাছে ওইসমস্ত লোকদের জন্যও ক্ষমা চাইছি যারা দেশের বিরুদ্ধে লড়াইয়ে জীবন দিয়েছে। তা তারা তালেবান হোক আর যাই হোক।" উল্লেখ্য, তালেবান জঙ্গিরা দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে গেরিলা যুদ্ধ চালিয়ে আসছে। কারজাই বেশ কয়েকবার আফগান তালেবানদের সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। সংঘর্ষ অবসানের লক্ষ্যে মধ্যপন্থী তালেবানদেরও আলোচনায় ডেকেছেন তিনি। কারজাই নিজে কোনো দেশের কথা উল্লেখ না করলেও আফগান এবং বিদেশি কর্মকর্তারা বরাবরই আফগানিস্তান সীমান্তকে তালেবান ও আল-কায়েদা যোদ্ধাদের স্বর্গরাজ্য বলে আসছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪৭ঘ.