হাভানা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- কিউবার বর্ষীয়ান নেতা ফিদেল কাস্ত্রো (৮১) দীর্ঘ ১৬ মাস জনসম্মুখে অনুপস্থিত থাকার পর সোমবার এক চিঠিতে ক্ষমতা ছেড়ে অবসরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। চিঠিতে কাস্ত্রো বলেন, তিনি ক্ষমতা আঁকড়ে থাকবেন না। বরং আনুষ্ঠানিক নেতৃত্বর পদ তিনি ছেড়ে দিতে চান।
কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো ওই চিঠিতে কাস্ত্রোর বক্তব্য, "ক্ষমতা আঁকড়ে থাকা নয় বরং নতুন প্রজন্মের জন্য সুযোগ করে দেওয়াই আমার প্রধান দায়িত্ব।"
চিঠির শেষদিকে কাস্ত্রো লেখেন, তিনি আনুষ্ঠানিকভাবে আর দায়িত্ব পালন না করে বরং প্রবীণ রাষ্ট্রনেতা হিসাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের উপদেষ্টার ভূমিকা পালন করতে চান।
১৯৫৯ সালে এক বিপ্লবের মাধ্যমে কিউবার ক্ষমতা গ্রহণ করেন কাস্ত্রো। পরে ২০০৬ সালের জুলাইয়ে অসুস্থ হওয়ার পর তিনি ছোট ভাই রাউল কাস্ত্রোর কাছে অস্থায়ী ভিত্তিতে ক্ষমতা হস্তান্তর করেন। তার পাকস্থলীতে অস্ত্রোপচার হয়েছে। তবে তার রোগটি কি তা সঠিক জানা যায়নি।
চিঠিতে কাস্ত্রো বলেছেন, যে ব্যতিক্রমী জীবন তিনি পার করেছেন তার অভিজ্ঞতা ও ধারণা দেওয়াটা তার দায়িত্ব।
কাস্ত্রো একাধারে কিউবার কাউন্সিল অফ স্টেট ও কাউন্সিল অফ মিনিস্টার্স এর প্রেসিডেন্ট এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রথম মহাসচিব পদে বহাল রয়েছেন।
এছাড়া, জনসম্মুখে না এলেও এ বছরের মার্চ মাস থেকে সংবাদপত্রে নিয়মিত কলাম লিখেছেন তিনি। এসব কলামে তিনি ইরাক যুদ্ধ, জলবায়ু পরিবর্তন এবং খাদ্য শস্যকে জীবাশ্ম জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেন।
তবে সোমবারের আগ পর্যন্ত তিনি তার ভবিষ্যৎ ভূমিকা সম্পর্কে কোনো মন্তব্য করা থেকে বিরত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৩৪৭ ঘ.
bdnews24