২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিব্বতে পর্যটকের সংখ্যা রেকর্ড পর্যায়ে উঠেছে

তিব্বতে পর্যটকের সংখ্যা রেকর্ড পর্যায়ে উঠেছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম। একজন সরকারী কর্মকর্তা বলেছেন, ২০০৭ সালে তিব্বত সফরকারী পর্যটকের সংখ্যা দাঁড়াবে ৪০ লাখের কিছু ওপরে। আগের বছরের চেয়ে এ সংখ্যা ৬৪% বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2007, 08:55 AM

Updated : 26 Aug 2022, 09:07 PM

চীনের লন্ডন, ১৭ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--তিব্বতে পর্যটকের সংখ্যা রেকর্ড পর্যায়ে উঠেছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম। একজন সরকারী কর্মকর্তা বলেছেন, ২০০৭ সালে তিব্বত সফরকারী পর্যটকের সংখ্যা দাঁড়াবে ৪০ লাখের কিছু ওপরে। আগের বছরের চেয়ে এ সংখ্যা ৬৪% বেশি। কর্মকর্তাটি বলেন, ভালো বিপণন কৌশল এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন পর্যটকদের সংখ্যাবৃদ্ধির কারণ। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মধ্যে রয়েছে কিছুদিন আগে চালু হওয়া চীনের সঙ্গে দ্রুতগতির ট্রেন। চীনের সমালোচকরা বলছেন, দেশটি তিব্বতের ওপর তার নিয়ন্ত্রণ বৃদ্ধি এবং সেখানকার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে নষ্ট করার জন্য এ ট্রেন যোগাযোগকে কাজে লাগাচ্ছে। স্থানীয় কমিউনিস্ট পার্টির সম্পাদক ছাং সিংলি বলেন, তিব্বত পর্যটনের 'সূবণর‌্যুগে' প্রবেশ করছে। তিনি বলেন, পর্যটন থেকে ২০০৭ সালে তিব্বতের ৪শ' ৮০ কোটি ইউয়ান (৬৫ কোটি ডলার) আয় হবে বলে আশা করা হচ্ছে যা আগের বছরের চেয়ে ৭৩.৩% বেশি। ছাং সিংলি বলেন, বছর দেড়েক আগে চালু হওয়া ট্রেন এবং নতুন একটি বিমানবন্দরের কারণে এটা সম্ভব হয়েছে। আগে শুধু বিমান বা সড়কপথে খুবই কষ্টকর ভ্রমণের মাধ্যমে তিব্বতের রাজধানী লাসায় যাওয়া যেতো। গত ১৭মাস আগে নতুন দ্রুতগামী ট্রেনটি চালু হওয়ার পর থেকে চীনের অন্যান্য অংশের সঙ্গে তিব্বতের বাণিজ্য ও যোগাযোগ অনেক বেড়েছে। তবে তিব্বতের অনেক মানুষই এ নিয়ে উদ্বিগ্ন। তারা বলছেন, এর ফলে বহু চীনা তিব্বতে আসছেন এবং অনেক শহরে স্থানীয় তিব্বতীরাই সংখ্যালঘুতে পরিণত হচ্ছেন। গত মার্চে দেওয়া এক বিবৃতিতে তিব্বতের প্রবাসী নেতা দালাই লামা উদ্বেগ প্রকাশ করে বলেন ট্রেন চালু হওয়ার পর চীনা বসতি স্থাপনকারীর সংখ্যা এবং পরিবেশ দূষণের মাত্রা দু'ই-ই বেড়েছে যা কিনা একটি 'গভীর উদ্বেগের' বিষয়। এ মাসেই আগের দিকে ওই রেল লাইন ব্যবহার করে তিব্বতের রাজধানী লাসায় চীনা সৈন্য পাঠানো হয়। এ থেকে অনেকে আশঙ্কা করছেন যে, চীন তিব্বতের ওপর তার নিয়ন্ত্রণ আরও কঠিন করার জন্য রেল যোগাযোগকে কজে লাগাচ্ছে। হিমালয়ের স্বাধীন রাজ্য তিব্বতকে ১৯৫০ সালে সামরিক অভিযান চালিয়ে দখল করে চীন। সেই থেকে আধ্যাত্মিক নেতা দালাই লামার নেতৃত্বে তিব্বতের একটি নির্বাসিত সরকার উত্তর ভারতে অবস্থান করছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসকে/১৪৪৯ঘ.