মস্কো, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের বুশেহের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ইরান ও রাশিয়ার মধ্যে সব মতবিরোধের অবসান হয়েছে। বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে তারা একটি সময়সীমাও নির্ধারণ করেছে। ওই কেন্দ্র স্থাপনে নিয়োগপ্রাপ্ত রাশিয়ার ঠিকাদারী প্রতিষ্ঠান বৃহস্পতিবার একথা জানিয়েছে।
ঠিকাদারী প্রতিষ্ঠান 'অ্যাটমস্টোরিওএক্সপার্ট'এর প্রেসিডেন্ট সার্গেই সামাতকো বলেন, "ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সব বিষয়েই সমঝোতা হয়ে গেছে। কাজ শেষ করার সময়সীমার ব্যাপারেও মতৈক্য হয়েছে। ডিসেম্বরের মধ্যেই আমরা তারিখ ঘোষণা দেব।"
ইরানের বুশেহের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে রাশিয়ার ভূমিকায় সন্তুষ্ট নয় পশ্চিমা বিশ্ব। তাদের দাবি ইরান গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। এ কারণে বুশেহের প্রকল্পে সহযোগিতা বন্ধের জন্য তারা রাশিয়াকে চাপ দিয়ে আসছে।
পশ্চিমাদের অভিযোগ অস্বীকার করে ইরান দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং জ্বালনি তৈরির উদ্দেশ্যেই তা পরিচালিত হচ্ছে। রাশিয়া পশ্চিমা বিশ্বকে আস্বস্ত করেছে, বুশেহের প্রকল্পের মাধ্যমে ইরান পরমাণু বোমা তৈরি করতে পারবে না।
ইরান অর্থ পরিশোধ করছে না জানিয়ে রাশিয়া এর আগে বুশেহের প্রকল্পের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছিল। কিছু পর্যবেক্ষক জানিয়েছিলেন, বুশেহেরে পরমাণু জ্বালানি সরবরাহ নিয়ে কূটনৈতিক উদ্বেগের কারণেই রাশিয়া কাজ বন্ধ করে দেয়।
সার্গেই সামাতকো জানান, ওই প্রকল্পে জ্বালানি সরবরাহ করা হবে এবং তার ছয় মাসের মধ্যে কেন্দ্রে উৎপাদন শুরু হবে। যদিও কবে নাগাদ জ্বালনি সরবরাহ করা হবে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।
তিনি বলেন, "বুশেহের পরমাণু বিদ্যুৎ কিন্দ্র স্থাপনের ব্যাপারে আমরা আন্তরিক এবং অবশ্যই সেখানে জ্বালানি সরবরাহ করব।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮২৯ঘ.
bdnews24