আলজিয়ার্স, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে মঙ্গলবার পরপর দুটি গাড়িবোমার বিস্ফোরণে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে শ'খানেক লোক। প্রথম বোমাটি বিস্ফোরিত হয় বেন আকনুনের আদালত ভবনের সামনে আর দ্বিতীয়টি সেখানকার জাতিসংঘ ভবন ও একটি পুলিশ স্টেশনের মাঝে। এতে জাতিসংঘের কমপক্ষে ১১ কর্মচারী নিহত হয়। এসময় রাস্তায় থাকা বেশকিছু যানবাহন বিস্ফোরণে বিধ্বস্ত হয়, এর মধ্যে একটি স্কুলবাসও ছিল। ওদিকে, সরকারি হিসেবে কমপক্ষে ২৬ জন নিহত হওয়ার কথা বলা হলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্রের উল্লেখ করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এর আগে নিহতের সংখ্যা ৬৭ বলে উল্লেখ করা হয়েছিল। (আরও তথ্যসহ)
আল-কায়েদার উত্তর আফ্রিকা শাখা এক ওয়েবসাইট বিবৃতিতে এ জোড়া বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে।
আলজেরিয়ায় নব্বই দশকের ব্যাপক দাঙ্গার পর বড় ধরনের হামলাগুলোর অন্যতম এটি।
বিস্ফোরণে হতাহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি প্রসঙ্গে আলজেরিয়ার প্রধানমন্ত্রী আব্দেল আজিজ বেলখাদেম বলেছেন, সরকারের নিহতের সংখ্যা আড়াল করার কোনো কারণ নেই। আন্তর্জাতিক গণমাধ্যমে নিহতের সংখ্যা বাড়িয়ে বলাকে অনৈতিক বলেও মন্তব্য করেন তিনি।
জাতিসংঘের মুখপাত্র মেরি ওকাবে বলেছেন, "এখন আমাদের কাছে থাকা তালিকায় ১১ কর্মচারী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত।"
এদিকে, জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে, একটি বিস্ফোরণে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা 'ইউএনডিপি' এর একটি ভবন এবং জাতিসংঘ উদ্বাস্তু বিষয়ক হাইকমিশনার 'ইউএনএইচসিআর' এর দপ্তর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেনেভা অবস্থানকারী জাতিসংঘের কমিশনার উদ্বাস্তু বিষয়ক কমিশনার আন্তোনিও গুইতারেস বলেছেন, "এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে জাতিসংঘই ছিল এ হামলার লক্ষ্যবস্তু।"
তিনি জানান, ইউএনএইচসিআর এর কম্পাউন্ড এবং মূল জাতিসংঘ ভবনের মাঝের একটি রাস্তায় এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।
আলজেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী নুরুদ্দিন ইয়াজিদ জেরহুনি এ হামলার জন্য 'সালাফি' ইসলামী জঙ্গি গোষ্ঠীকে দায়ী করেছেন। তিনি বলেছেন, এরাই আল কায়েদা উত্তর আফ্রিকা শাখার নাম নিয়ে এ হামলা চালিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৩২৫ ঘ.
bdnews24