ব্রিসবেন, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়ার সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী কেভিন রুড তার দেশে আমূল পরিবর্তনের অঙ্গীকার করেছেন। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও শ্রমিক স্বার্থ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশের মধ্যে অতীতের সংঘাত অবসানের প্রতিশ্র"তি দিয়েছেন।
কনজারভেটিভ পার্টির ১১ বছরের ক্ষমতার অবসান ঘটিয়ে রুডের নেতৃত্বাধীন লেবার পার্টি শনিবারের সাধারণ নির্বাচনে জয়লাভ করে। ভোট গ্রহণ শেষে পরাজয় মেনে নিয়ে প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড রুডকে স্বাগত জানান।
৫০ বছর বয়স্ক রুড জানিয়েছেন, যত দ্রুত সম্ভব তিনি কিয়োটো প্রটোকলে স্বাক্ষর করবেন এবং ইরাক থেকে অস্ট্রেলিয়ার সেনা প্রত্যাহার করবেন। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ঘনিষ্ঠ মিত্র বিদায়ী প্রধানমন্ত্রী হাওয়ার্ড এদুটি বিষয়ে দীর্ঘদিন ধরে অনড় ছিলেন।
নির্বাচনে জয়ের পর রুড তার সমর্থকদের বলেন, "এখন আমাদের উচিৎ ভবিষ্যতের পথে হাঁটা।"
তিনি বলেন, "ইউনিয়ন ও ব্যবসা-বাণিজ্যের মধ্যে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশের মধ্যে যে পুরানো সংঘাত আছে তা আমি ঝেড়ে ফেলতে চাই। এখন সময় জাতির নতুন ইতিহাসের পথে যাত্রা শুরু করার।"
যুক্তরাষ্ট্রকে অস্ট্রেলিয়ার ঘনিষ্ঠ মিত্র উল্লেখ করে রুড বলেন, "আমি চাই আরও স্বাধীন ও শক্তিশালী পররাষ্ট্র নীতি।" চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবেন বলে তিনি জানান।
মান্দারিন ভাষায় পারদর্শী রুড খ্রীষ্ট ধর্মের অনুসারী। অর্থনৈতিক বিষয়ে তিনি নিজেকে রক্ষণশীল বলে উল্লেখ করে থাকেন। সমালোচকেরা রুডকে কনজারভেটিভ প্রধানমন্ত্রী হাওয়ার্ডের ক্ষুদে সংস্করণ বলে সমালোচনা করেন।
১৯৫৭ সালের ২১ সেপ্টেম্বর কুইন্সল্যান্ডের গ্রাম্য এলাকায় কৃষক পরিবারে রুডের জন্ম। তার বাবা ছিলেন বর্গাচাষী। চার ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট। ১১ বছর বয়সে রুডের বাবা মারা যান।
স্কুল পর্যায়ে বিতর্কে চ্যাম্পিয়ন রুড স্কুল জীবনেই লেবার পার্টির রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। তিনি দলের যুব শাখার সদস্য হন।
অস্ট্রেলিয়ান ন্যশনাল ইউনিভার্সিটি থেকে রুড চীনা রাজনীতি ও আধুনিক সামাজিক আন্দোলন বিষয়ে সম্মান ডিগ্রি লাভ করেন। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রণালয়ে যোগ দিয়ে স্টকহোম ও বেইজিংয়ে দায়িত্ব পালন করেন।
১৯৯৮ সালে সাধারণ নির্বাচনে রুড একটি আসনে জয়লাভ করেন। দলের পররাষ্ট্র সংক্রান্ত বিষয়ের দায়িত্ব নিয়ে তিনি শীর্ষ পর্যায়ের নেতা হয়ে উঠেন।
গত দুটি নির্বাচনে প্রধানমন্ত্রী পদে লড়াইয়ের ইচ্ছা থাকা সত্ত্বেও যথেষ্ট সমর্থনের অভাবে রুড শেষ পর্যন্ত পিছিয়ে আসেন। ২০০৬ সালে বর্ষীয়ান নেতা কিম বিজলেকে পরাজিত করার পর সারাদেশে এবং লেবার পার্টির মধ্যে তার জনপ্রিয়তা বহুগুণে বেড়ে যায়।
কনজারভেটিভ পার্টির টানা সাড়ে ১১ বছরের শাসনের অবসান ঘটাতে এবারের নির্বাচনে ভোটাররা রুডকে তাদের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে।
বিডিন্উিজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএ/২০১০ ঘ.
bdnews24