২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যান্টার্কটিকায় হিমশৈলে ধাক্কা খেয়ে ডুবছে জাহাজ, আরোহীদের উদ্ধার

অ্যান্টার্কটিকায় হিমশৈলে ধাক্কা খেয়ে শুক্রবার ডুবতে শুরু করেছে একটি পর্যটকবাহী জাহাজ। তবে ক্রুসহ জাহাজের শতাধিক আরোহীর সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। জাহাজটির মালিক ও উপকূলরক্ষীরা এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2007, 04:41 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

বুয়েন্স আয়ার্স, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অ্যান্টার্কটিকায় হিমশৈলে ধাক্কা খেয়ে শুক্রবার ডুবতে শুরু করেছে একটি পর্যটকবাহী জাহাজ। তবে ক্রুসহ জাহাজের শতাধিক আরোহীর সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। জাহাজটির মালিক ও উপকূলরক্ষীরা এ খবর জানিয়েছে। এমএস এক্সপ্লোরার নামের যাত্রীবাহী জাহাজটির মালিক প্রতিষ্ঠান জানিয়েছে, সব আরোহীকে লাইফবোট থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। জাহাজটির ক্যাপ্টেন আর্নভিদ হ্যানসেন বিবিসি টেলিভিশনকে বলেন, "যাত্রীরা নিরাপদে আছেন এবং হতাহত ও নিখোঁজের কোনো ঘটনা ঘটেনি।" এমএস এক্সপ্লোরারের মালিক কানাডার কোম্পানি 'গ্যাপ অ্যাডভেঞ্চার'। জাহাজটি গত সপ্তাহে আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলীয় উশুইয়া বন্দর থেকে অ্যান্টার্কটিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। গ্যাপ অ্যাডভেঞ্চারের মুখপাত্র সুশান হেইস জানান, জাহাজটি ভাসমান হিমশৈলের সঙ্গে ধাক্কা খেয়েছে। তবে তা খুব বড় ছিল না। চিলির নৌবাহিনীর এক কমান্ডার স্থানীয় টেলিভিশনকে জানান, যাত্রীদের সবাইকে চিলির এডুয়ার্ডো ফ্রে ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। গ্যাপ অ্যাডভেঞ্চার এক বিবৃতিতে জানিয়েছে, ১৯৬৯ সালে নির্মিত জাহাজটিতে মোট ৮৫ জন যাত্রী ও ১৫ জন ক্রু ছিল। যাত্রীদের অধিকাংশ যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, জাপান, আর্জেন্টিনা ও অন্যান্য দেশের নাগরিক। তবে এর আগে জাহাজটিতে আরোহীর সংখ্যা ১৫৪ বলে জানানো হয়েছিল । বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এসকে/২২০৭ ঘ.