২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দিদের মুক্তি দিতে মিয়ানমারকে ইইউ ও আসিয়ানের আহ্বান

অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি ও রাজবন্দিদের মুক্তি দিতে মিয়ানমারকে আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। তবে এজন্য তারা দেশটিকে কোনো সময়সীমা বেঁধে দেয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 11:36 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

সিঙ্গাপুর, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি ও রাজবন্দিদের মুক্তি দিতে মিয়ানমারকে আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। তবে এজন্য তারা দেশটিকে কোনো সময়সীমা বেঁধে দেয়নি। সেনাশাসিত মিয়ানমারে রাজনৈতিক সংস্কারের মত বিভিন্ন কারণে 'এসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস' বা আসিয়ানের সঙ্গে ইইউ এর মুক্তবাণিজ্য চুক্তির ব্যাপারে আলোচনা স্থগিত রয়েছে। ইইউ মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞা নিয়ে ইইউ ও আসিয়ানের মধ্যে মতপার্থক্য থাকলেও গৃহবন্দি বিরোধী নেত্রী অং সান সু চি'র সঙ্গে আলোচনার শুরু করতে মিয়ানমার সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে উভয় সংস্থা। এক যৌথ ঘোষণায় তারা মিয়ানমারকে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের পথে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছে। ইইউ এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হোসে সক্রেটিস এক সংবাদ সম্মেলনে বলেন, "মিয়ানমারে আমরা কিছু অগ্রগতি দেখতে পাচ্ছি। তবে সেটা যথেষ্ট নয়।" তিনি আরও বলেন, "মিয়ানমার নিয়ে ইইউ এবং আসিয়ানের মধ্যে কোনো বড় ধরনের মতপার্থক্য আছে বলে আমি স্বীকার কারি না। উভয়ই মিয়ানমারে মানবাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র দেখতে চায় এবং তারা চায় এই লক্ষ্য পূরণ হোক।" সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হেইসেন লুং জানিয়েছেন, মিয়ানমার নিয়ে আসিয়ান ও ইইউ'র মধ্যে আলোচনা চলছে তবে সেটা বিরোধপূর্ণ নয়। উভয়ই দ্রুত মুক্তবাণিজ্যের বিষয়ে আগ্রহী বলে তিনি জানান। লি বলেন, "মুক্ত বাণিজ্যের জন্য এখনো অনেক কাজ করতে হবে।" ইইউ ও আসিয়ানের মধ্যে মুক্ত বাণিজ্য নিয়ে গত মে মাসে আলোচনার পর এ বিষয়ে আর তেমন কোনো অগ্রগতি হয়নি। ইইউ এর বাণিজ্য বিষয়ক প্রধান পিটার ম্যান্ডেলসন বলেন, "আমাদের আরও দ্রুত গতিতে অগ্রসর হতে হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৩০ঘ.