২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতা থেকে সান্ধ্য আইন প্রত্যাহার

কলকাতা থেকে বৃহস্পতিবার সান্ধ্য আইন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আগের দিনের বিক্ষোভ-সহিংসতার পর আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে নগরীটিতে। সকালেই খুলেছে দোকান-পাট। স্কুলে যেতে দেখা গেছে শিক্ষার্থীদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 06:58 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

কলকাতা,নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কলকাতা থেকে বৃহস্পতিবার সান্ধ্য আইন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আগের দিনের বিক্ষোভ-সহিংসতার পর আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে নগরীটিতে। সকালেই খুলেছে দোকান-পাট। স্কুলে যেতে দেখা গেছে শিক্ষার্থীদের। রাসায়নিক শিল্প কারখানা তৈরির জন্য নন্দীগ্রামে কৃষকদের জমি অধিগ্রহণ ও কৃষকদের ওপর প্রশাসনের 'নির্যাতন' এবং বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিনকে ভারত থেকে বহিষ্কারের দাবিতে বুধবার কলকাতায় বিক্ষোভের ডাক দেয় অল ইন্ডিয়া মাইনরিটি ফোরাম (এআইএমএফ)। মধ্য ও দক্ষিণ কলকাতায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ কমপক্ষে ৫০ জন আহত হয়। এসময় ১৫০টির বেশি গাড়ি ভাংচুর এবং দুটি বাসে আগুন দেওয়া হয়। এছাড়া শ'শ' ছাত্র-ছাত্রী আটকা পড়ে অসংখ্য স্কুলে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সংঘর্ষ নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ সেনা সদস্যদের তলব করে এবং শহরের কয়েকটি এলাকায় সান্ধ্য আইন জারি ও ওইসব এলাকার বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিপণীকেন্দ্র বন্ধ ঘোষণা করে। কলকাতার পুলিশ প্রধান গৌতম মোহান চক্রবর্তী বৃহস্পতিবার জানিয়েছেন, নগরীর পরিস্থিতি এখন শান্ত। তবে আবারও সান্ধ্য আইন জারি করা হবে কিনা সে সম্পর্কে তিনি কিছু জানাতে পারেন নি। তিনি বলেন, "আবারও সান্ধ্য আইন জারি করা হবে কিনা সে সম্পর্কে আমরা এখনও নিশ্চিত নই।" কলকাতার মতো এতবড় নগরীতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েনের ঘটনা বহু বছরের মধ্যে এটিই প্রথম। পশ্চিমবঙ্গের কমিউনিস্ট শাসকদের বিরুদ্ধে এমনিতেই সহিংসতা বন্ধে ব্যর্থতার অভিযোগ রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/ফঁমপনমপ/১২২৮ ঘ.